বিসিকের সঙ্গে BACB ও ATLB-এর সমঝোতা স্মারক স্বাক্ষর

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

দেশের কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের টেকসই উন্নয়ন, পণ্যের গুণগত মান নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক বাজারে রপ্তানি সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)-এর সাথে 'বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সার্টিফিকেশন বডিস' এবং 'অ্যাসোসিয়েশন অব টেস্টিং ল্যাবরেটরিজ, বাংলাদেশ'-এর পৃথক দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ১১ নভেম্বর বিসিক প্রধান কার্যালয়ের বোর্ডরুমে আয়োজিত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বেনজীর আহমেদ, চেয়ারম্যান, বিসিক। অনুষ্ঠানে বিসিকের বিভিন্ন বিভাগ ও শাখার প্রধানগণ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এ ছাড়া BACB ও ATLB-এর উচ্চপদস্থ প্রতিনিধিগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এ সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে বিসিক এবং বিসিকের নিবন্ধিত উদ্যোক্তাগণ বিশেষভাবে উপকৃত হবেন। বিশেষ করে, বিসিক কর্তৃক নিবন্ধিত বা সুপারিশকৃত সিএমএসএমই ও শিল্প প্রতিষ্ঠানসমূহ BACB ও ATLB-এর সদস্যভুক্ত প্রতিষ্ঠান ও ল্যাবরেটরিগুলো থেকে প্রচলিত ফি-এর ওপর ন্যূনতম ১৫% থেকে ২০% ছাড়ে সার্টিফিকেশন, টেস্টিং ও ক্যালিব্রেশন সেবা গ্রহণ করতে পারবে। পাশাপাশি, ATLB-এর কারিগরি সহায়তা ও প্রশিক্ষণের মাধ্যমে বিসিকের বিদ্যমান ল্যাবরেটরিগুলোকে আধুনিকায়ন এবং আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন (যেমন : ISO/IEC 17025) অর্জনের উপযোগী করে গড়ে তোলা সম্ভব হবে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি