ডিসিসিআই-টিএফও কানাডার প্রকল্প চালু
বাড়ছে পাটখাতের এসএমইদের রপ্তানি সক্ষমতা
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

কানাডার বাজারে বাংলাদেশের পাট খাতের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) রপ্তানি সক্ষমতা বাড়াতে যৌথভাবে 'ট্রাইসেগ' প্রকল্প চালু করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং ট্রেড ফ্যাসিলিটেশন অফিস (টিএফও) কানাডা। গতকাল বৃহস্পতিবার রাজধানীর ডিসিসিআই মিলনায়তনে পাঁচ বছর মেয়াদি এ প্রকল্পের উদ্বোধন করেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খোন্দকার মো. নাজমুল হুদা শামিম।
অনুষ্ঠানে ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ বলেন, স্বল্পোন্নত দেশের (এলডিসি) মর্যাদা থেকে উত্তরণের প্রস্তুতির এ সময়ে বাংলাদেশের রপ্তানি বহুমুখীকরণ অত্যন্ত জরুরি। বিশেষ করে নারী উদ্যোক্তাদের নেতৃত্বাধীন ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানগুলোকে বৈশ্বিক বাজারের সঙ্গে যুক্ত করা প্রয়োজন। তিনি আশা প্রকাশ করেন, লক্ষ্যভিত্তিক প্রশিক্ষণ, ব্যবসায়িক পরামর্শ ও সরাসরি বাজার সংযোগের মাধ্যমে ট্রাইসেগ প্রকল্প উদ্যোক্তাদের রপ্তানি সক্ষমতা বাড়ানোর পাশাপাশি কানাডাসহ আন্তর্জাতিক বাজারে নতুন সুযোগ তৈরিতে সহায়তা করবে। প্রধান অতিথি মোহাম্মদ হাসান আরিফ বলেন, ভূরাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও ২০২৫ সালে বাংলাদেশের রপ্তানি আয় ছিল ৪৮ বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশের শীর্ষ ১০টি রপ্তানি গন্তব্যের একটি কানাডা। দেশটিতে বাংলাদেশের রপ্তানি ১ দশমিক ৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে। তিনি জানান, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে পাট ও পাটজাত পণ্যের রপ্তানি প্রায় ২৫ শতাংশ বেড়েছে। তবে এলডিসি উত্তরণের পর রপ্তানি প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে পণ্যের বহুমুখীকরণ জরুরি।
বিশেষ অতিথি খোন্দকার মো. নাজমুল হুদা শামিম বলেন, পাট খাতের অগ্রগতি সন্তোষজনক হলেও পণ্যের বহুমুখীকরণ, আন্তর্জাতিক মান বজায় রাখা এবং গুণগত মান নিশ্চিত করার ক্ষেত্রে এখনো চ্যালেঞ্জ রয়েছে। আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী পণ্য উন্নয়ন ও মানোন্নয়নে ট্রাইসেগ প্রকল্প পাট খাতের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহায়তা করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
টিএফও কানাডার প্রকল্প ব্যবস্থাপক মো. আশরাফ আহমেদ বলেন, কানাডা সরকারের অর্থায়নে এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের ১৬টি স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশে পাঁচ বছর মেয়াদি ট্রাইসেগ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এর আওতায় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন, রপ্তানি প্রস্তুতি, ডিজিটালাইজেশন, অর্থায়নের সুযোগ সৃষ্টি এবং জলবায়ু সহনশীলতা বাড়াতে প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা দেওয়া হবে। তিনি জানান, প্রকল্পটির আওতায় বিভিন্ন দেশের প্রায় ৩ হাজার ২০০ এসএমই উদ্যোক্তা কানাডার বাজারে প্রবেশের ক্ষেত্রে সহায়তা পাবেন। তাদের ৬৭ শতাংশই নারী উদ্যোক্তা।
বাংলাদেশ থেকে প্রায় ২০০টি এসএমই এ সুবিধা পাওয়ার সুযোগ রয়েছে। বিশেষভাবে পাট খাতের উদ্যোক্তাদের উৎপাদন সক্ষমতা ও রপ্তারি প্রস্তুতি বাড়াতে প্রশিক্ষণ দেওয়া হবে। লাইটক্যাসল পার্টনার্সের প্রিন্সিপাল বিজনেস কনসালট্যান্ট ও পোর্টফোলিও ম্যানেজার ওমর ফারহান খান বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহৎ পাট উৎপাদনকারী দেশ হলেও পাটজাত পণ্যে মূল্য সংযোজনের অভাবে ৩ বিলিয়ন ডলারের বৈশ্বিক বাজারের সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। পণ্যের বহুমুখীকরণ, উদ্ভাবন ও মূল্য সংযোজনের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে প্রবেশাধিকার বাড়াতে প্রকল্পটি ভূমিকা রাখবে। অনুষ্ঠানের আলোচনায় বাংলাদেশে নিযুক্ত কানাডীয় দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি দিনা মুজিচ, বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের অতিরিক্ত পরিচালক মাহবুবুর রহমান, জুট ল্যান্ড বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক প্রতিমা চক্রবর্তী এবং বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশনের পরিচালক মো. সাইফুল ইসলাম অংশ নেন।
