সংশোধনী আইনের খসড়ায় মন্ত্রিসভার অনুমোদন
ভ্যাট রিটার্ন জমার সময়সীমা
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
মূল্য সংযোজন কর (ভ্যাট) ও সম্পূরক শুল্ক আইনের সংশোধনী খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর মাধ্যমে প্রতি তিন মাস বা তিন কর মেয়াদ পরপর ভ্যাটের দাখিলপত্র জমা দেওয়ার বিধান সংশোধন করা হচ্ছে। রোববার বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২৭তম বৈঠকে 'মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) আইন, ২০২৬'-এর খসড়ায় এ অনুমোদন দেওয়া হয়। আইনটির উদ্যোক্তা অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রতি মাসে বা প্রতি কর মেয়াদে ভ্যাটের দাখিলপত্র জমা দেওয়ার বাধ্যবাধকতা শিথিল করে প্রতি তিন কর মেয়াদ বা তিন মাস পরবর্তী ১৫ দিনের মধ্যে দাখিলপত্র জমা দেওয়ার বিধান করা হয়েছিল।
