ইনভেস্ট বাংলাদেশ
গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে আন্তর্জাতিক বাজারে উপস্থিতি বাড়ানোর উদ্যোগের অংশ হিসেবে চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি প্রতিনিধি কার্যালয় চালু করেছে, ইনভেস্ট বাংলাদেশ। নতুন এ কার্যালয় চীনা বিনিয়োগকারীদের স্থানীয় যোগাযোগকেন্দ্র হিসেবে কাজ করবে। এর মাধ্যমে চীনা বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগের সুযোগ, প্রয়োজনীয় বিধিবিধান এবং সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের বিষয়ে প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ পাবেন। সোমবার ইনভেস্ট বাংলাদেশ-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের মার্চে ঘোষিত ১৮০ দিনের বিনিয়োগ কর্মপরিকল্পনার অংশ হিসেবে চীনে প্রতিনিধি কার্যালয় স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। গুয়াংজু কার্যালয়ের অভিজ্ঞতা ও অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে পর্যায়ক্রমে বিদেশি বিনিয়োগের জন্য গুরুত্বপূর্ণ অন্যান্য বাজারেও নিজেদের উপস্থিতি বাড়ানোর পরিকল্পনা রয়েছে সংস্থাটির। ইনভেস্ট বাংলাদেশ-এর ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট বিভাগের প্রধান নাহিয়ান রহমান রচি বলেন, সম্ভাব্য বিনিয়োগকারীদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন এবং বিনিয়োগ প্রক্রিয়ায় প্রয়োজনীয় সহায়তা দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য। গুয়াংজু শিল্পাঞ্চলের সমৃদ্ধ শিল্পভিত্তি ও বিস্তৃত উৎপাদন খাতের কারণে শহরটিকে প্রথম বিদেশি কার্যালয়ের জন্য বেছে নেওয়া হয়েছে।
তিনি বলেন, চীন ও বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশ সম্পর্কে অভিজ্ঞ চীনা পেশাজীবীদের এ কার্যালয়ে যুক্ত করা হয়েছে। তারা বিনিয়োগকারীদের প্রাথমিক আগ্রহ থেকে বাস্তব বিনিয়োগ প্রকল্প গড়ে তোলার প্রক্রিয়া সহজ করতে সহায়তা করবেন। গুয়াংজু কার্যালয়ে বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ ও বিনিয়োগ সহায়তার দায়িত্বে রয়েছেন চিফ রিপ্রেজেন্টেটিভ ও বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মে ঝৌ এবং রিপ্রেজেন্টেটিভ ও বিজনেস ডেভেলপমেন্ট অ্যানালিস্ট ইয়াং ওয়েনচুয়াং। চীন ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতায় মে ঝৌয়ের এক দশকের বেশি অভিজ্ঞতা রয়েছে।
