ব্যাংকের পরিচালক হতে মন্ত্রী-এমপিদের নিষেধাজ্ঞা

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

ব্যাংকের পরিচালনা পর্ষদে রাজনৈতিক প্রভাব ও পারিবারিক নিয়ন্ত্রণ কমাতে নিষেধাজ্ঞার উদ্যোগ নিয়েছে সরকার। নতুন প্রস্তাব অনুযায়ী, বেসরকারি ব্যাংকের পরিচালনা পর্ষদে মন্ত্রী, সংসদ সদস্য (এমপি) ও স্থানীয় সরকারের জনপ্রতিনিধিরা থাকতে পারবেন না। একই পরিবারের সদস্যদের পরিচালক হওয়ার সংখ্যাও কমানো হচ্ছে। পাশাপাশি পরিচালকদের একটানা দায়িত্ব পালনের মেয়াদ ১২ বছর থেকে কমিয়ে ছয় বছর করার প্রস্তাব করা হয়েছে। ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠা, পরিচালনা পর্ষদকে প্রভাবমুক্ত রাখা এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় ব্যাংক কোম্পানি আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ-সংক্রান্ত খসড়া চূড়ান্ত করেছে। সূত্র জানিয়েছে, চলতি সপ্তাহেই খসড়াটি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হতে পারে। পরে মন্ত্রিসভার অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

খসড়ায় পরিচালনা পর্ষদে রাজনৈতিক ব্যক্তিদের অংশগ্রহণ নিষিদ্ধ করার পাশাপাশি একই পরিবারের সদস্যদের সংখ্যা সীমিত করা, স্বতন্ত্র পরিচালকের সংখ্যা বাড়ানো এবং পরিচালকদের ঋণ পরিশোধে কঠোর বিধান যুক্ত করার প্রস্তাব রয়েছে। এ ছাড়া ব্যাংকের পরিচালনা পর্ষদ গঠন ও পুনর্গঠনে বাংলাদেশ ব্যাংকের ক্ষমতাও বাড়ানোর কথা বলা হয়েছে। অন্তর্বর্তী সরকারের সময় আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও বাংলাদেশ ব্যাংক যৌথভাবে ব্যাংক কোম্পানি আইন সংশোধনের উদ্যোগ নিয়েছিল। ওই সময়ের অধিকাংশ সুপারিশই নতুন খসড়ায় অন্তর্ভুক্ত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

প্রস্তাবিত আইনে মন্ত্রিসভার সদস্য বা সমমর্যাদার ব্যক্তি, সংসদ সদস্য এবং স্থানীয় সরকারের প্রতিনিধিদের ব্যাংকের পরিচালক হওয়ার সুযোগ বন্ধ করার কথা বলা হয়েছে। একই সঙ্গে রাজনৈতিক পদে থাকা ব্যক্তিরা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বা প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবেও নিয়োগ পাওয়ার যোগ্য হবেন না।