সম্পদে ন্যায্য কর আরোপের মাধ্যমে রাজস্ব বাড়ানোর সুযোগ রয়েছে : গবেষণা
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
করের হার না বাড়িয়ে করের আওতা সম্প্রসারণ, কর ফাঁকি রোধ এবং সম্পদের ওপর কার্যকর কর আরোপের মাধ্যমে বাংলাদেশে উল্লেখযোগ্য পরিমাণ অতিরিক্ত রাজস্ব আহরণের সুযোগ রয়েছে বলে এক গবেষণায় উঠে এসেছে। রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট (র্যাপিড) এবং ফ্রিডরিখ এবার্ট স্টিফটুং বাংলাদেশের যৌথ গবেষণায় এ তথ্য উঠে এসেছে। 'মিসিং রেভিনিউস ইন বাংলাদেশ: ট্যাক্স পটেনশিয়াল, গ্যাপস অ্যান্ড ডিস্ট্রিবিউশনাল কনসিকোয়েন্সেস' শীর্ষক গবেষণায় দেশের বিদ্যমান কর রাজস্ব আহরণের সম্ভাবনা, কর ফাঁকি এবং কর ব্যবস্থার বণ্টনগত প্রভাব বিশ্লেষণ করা হয়েছে। গত শনিবার রাজধানীতে গবেষণার ফলাফল প্রকাশ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব তথ্য তুলে ধরা হয়।
গবেষণায় ২০২২ সালের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) খানা আয় ও ব্যয় জরিপের (এইচআইইএস) তথ্য ব্যবহার করে ব্যক্তিগত আয়কর, অভ্যন্তরীণ ভ্যাট, কর পরিপালন এবং ব্যক্তিগত সম্পদের বণ্টন বিশ্লেষণ করা হয়েছে। গবেষণার নেতৃত্ব দেন র্যাপিডের চেয়ারম্যান ড. এম এ রাজ্জাক। সহ-গবেষক ছিলেন র্যাপিডের গবেষণা পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. দীন ইসলাম এবং র্যাপিডের সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট তাহসিন রিফাত।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার। বিশেষ অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (ভ্যাট বাস্তবায়ন ও তথ্য সংযুক্তি) সৈয়দ মুশফিকুর রহমান।
