টি+১ ট্রেডিং চালুর সিদ্ধান্তে বিএসইসিকে ডিবিএ'র ধন্যবাদ

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে শেয়ার লেনদেনে টি+১ ট্রেডিং ব্যবস্থা চালুর সিদ্ধান্ত গ্রহণ করায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) ধন্যবাদ জানিয়েছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, স্টক ব্রোকারদের দীর্ঘদিনের প্রত্যাশা অনুযায়ী টি+১ ট্রেডিং ব্যবস্থা চালুর দাবি জানিয়ে আসছিল ডিবিএ। এ লক্ষ্যে বিএসইসি, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে ধারাবাহিক আলোচনা করেছে সংগঠনটি।

ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম বলেন, টি+১ ট্রেডিং চালু পুঁজিবাজারের আধুনিকায়ন ও আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক।

এ ব্যবস্থার ফলে লেনদেনের গতি ও বাজারের তারল্য বাড়বে এবং দেশি-বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণ উৎসাহিত হবে।

ডিবিএ মনে করে, নতুন এ ব্যবস্থায় লেনদেন নিষ্পত্তির সময় কমবে এবং বিনিয়োগকারীরা দ্রুত অর্থ পুনর্বিনিয়োগের সুযোগ পাবেন।

এতে পুঁজিবাজারের তারল্য, লেনদেন ও বিনিয়োগকারীদের আস্থা বাড়বে।

পুঁজিবাজারের টেকসই উন্নয়নে বিএসইসির সঙ্গে সমন্বিতভাবে কাজ করার এবং বাজারের উন্নয়নে নেওয়া ইতিবাচক উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় জানিয়েছে ডিবিএ।