রহিম এনার্জির বিরুদ্ধে ৭০ কোটি টাকার ভ্যাট ফাঁকির অভিযোগ

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট বিদ্যুৎ উৎপাদন ও বিতরণকারী প্রতিষ্ঠান রহিম এনার্জি লিমিটেডের বিরুদ্ধে মূল্য সংযোজন কর (মূসক) পরিশোধ না করার অভিযোগে জরিমানাসহ মোট ৭০ কোটি ৩০ লাখ ৯৭ হাজার ৪৩৩ টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যে চূড়ান্ত কর নির্ধারণী আদেশ জারি করেছে।

বুধবার কমিশনারেটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাঁচপুরে অবস্থিত রহিম এনার্জি লিমিটেড (বিআইএন নম্বর: ০০০১৩৬০১৩-১৪০৩) বিদ্যুৎ উৎপাদন করে রহিম গ্রুপের ছয়টি সহযোগী প্রতিষ্ঠানে সরাসরি সরবরাহ করে আসছে। প্রতিষ্ঠানটি ২০২১ সালের মে থেকে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত কর মেয়াদে মোট ৯৪০ কোটি ৭০ লাখ ৭৩ হাজার ৫১৩ টাকার বিদ্যুৎ সেবা সরবরাহ করে। এ সেবার বিপরীতে ৫ শতাংশ হারে প্রযোজ্য মূসকের পরিমাণ ৪৭ কোটি ৩ লাখ ৫৩ হাজার ৬৭৫ টাকা ৬৪ পয়সা। তবে প্রতিষ্ঠানটি এ সময়ে সরকারি কোষাগারে মাত্র ২২ লাখ ৫৬ হাজার ২৪৩ টাকা মূসক জমা দেয়।

ফলে পরিশোধ না করা মূসকের পরিমাণ দাঁড়ায় ৪৬ কোটি ৮০ লাখ ৯৭ হাজার ৪৩৩ টাকা। এ অর্থ পরিশোধ না করায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অনিয়ম ও মূসক ফাঁকির মামলা করে কমিশনারেট।

এ ঘটনায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়। পরে শুনানিতে অংশ নিতে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে আহ্বান জানানো হলেও তারা সন্তোষজনক জবাব দিতে পারেনি।

উভয় পক্ষের শুনানি শেষে আজ ২৫ নভেম্বর পরিশোধ না করা মূসক বাবদ ৪৬ কোটি ৮০ লাখ ৯৭ হাজার ৪৩৩ টাকা এবং জরিমানা বাবদ ২৩ কোটি ৫০ লাখ টাকা নির্ধারণ করে মোট ৭০ কোটি ৩০ লাখ ৯৭ হাজার ৪৩৩ টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যে চূড়ান্ত কর নির্ধারণী আদেশ জারি করা হয়।