দরপতনে শেষ হলো পুঁজিবাজার
লেনদেন ৭০৭ কোটি টাকা
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
সপ্তাহের শেষ কার্যদিবস গতকাল বৃহস্পতিবার দরপতনের মধ্য দিয়ে শেষ হয়েছে দেশের পুঁজিবাজারের লেনদেন। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্সসহ সব কটি সূচক কমেছে। একই সঙ্গে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর কমেছে। গতকাল বৃহস্পতিবার ১ লাখ ৮৯ হাজার ৭২৫টি হাওলা বা ট্রেডের মাধ্যমে মোট ২৩ কোটি ৫৭ লাখ ৭২ হাজার ৮৫৬টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এসব লেনেদের মোট মূল্য ৭০৭ কোটি ৫ লাখ ৭৯ হাজার টাকা।
দিনশেষে বৃহস্পতিবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬ দশমিক ৯৪ পয়েন্ট বা শূন্য দশমিক ১৩ শতাংশ কমে ৫ হাজার ৫২৬ দশমিক ৩৮ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর ব্লু-চিপ সূচক ডিএস৩০ শূন্য দশমিক ২৬ শতাংশ কমে ২ হাজার ৯০ দশমিক ৭৭ পয়েন্টে অবস্থান করছে। আর শরিয়াহ সূচক ডিএসইএস শূন্য দশমিক ২১ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ৬২ দশমিক ৯৪ পয়েন্টে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল বৃহস্পতিবার ডিএসইতে মোট ৩৮৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪২টির, কমেছে ১৮৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৮টির। অর্থাৎ দরবৃদ্ধির তুলনায় দরপতন হওয়া প্রতিষ্ঠানের সংখ্যা বেশি ছিল। গতকাল বৃহস্পতিবার দিনশেষে ডিএসইর মোট বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৭০ হাজার ২৬৯ কোটি ৪৫ লাখ ৬৫ হাজার ৭৬৬ টাকা। এর মধ্যে ইক্যুইটি খাতে বাজার মূলধন ৩ লাখ ৩৯ হাজার ৭৭৬ কোটি ৪৯ লাখ ৮৩ হাজার ৫৮৪ টাকা, মিউচুয়াল ফান্ড খাতে ২ হাজার ৮৮১ কোটি ৯১ লাখ ৭৭ হাজার ৩০১ টাকা এবং ডেট সিকিউরিটিজ খাতে ৩ লাখ ২৭ হাজার ৬১১ কোটি ৪ লাখ ৪ হাজার ৮৮০ টাকা।
