নতুন দুটি ইভি বাইক নিয়ে এলো এনওয়াও

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

দেশের ইলেকট্রিক ভেহিক্যাল (ইভি) খাতের অন্যতম প্রতিষ্ঠান এনওয়াও বাজারে নতুন দুটি মডেলের ইলেকট্রিক বাইক উন্মোচন করেছে। একইসঙ্গে প্রতিষ্ঠানটির উদ্যোগে গাজীপুরে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী 'বাংলাদেশ ইলেকট্রিক ভেহিক্যাল অ্যান্ড মোবিলিটি এক্সিবিশন (বিইভিএমএক্স)'। ২৮ নভেম্বর গাজীপুরের হাজারী কটেজ অ্যান্ড রিসোর্টে এ প্রদর্শনী ও উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনওয়াও-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ঝাং ইয়ংকাং। বিশেষ অতিথি ছিলেন এনওয়াও বাংলাদেশের চেয়ারম্যান কাং লি। এ ছাড়া এনওয়াও বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মো. রিয়াজুল ইসলামসহ প্রতিষ্ঠানটির ডিলার, ব্যবসায়িক অংশীদাররা উপস্থিত ছিলেন।

?প্রদর্শনীতে এনওয়াও-এর মোট পাঁচটি মডেলের ইলেকট্রিক বাইক ও স্কুটার প্রদর্শন করা হয়। মডেলগুলো হলো জিবি-২, টিকে-১০, এসই, সিপিএক্স এবং ভি১১। এর মধ্যে সিপিএক্স এবং ভি১১ মডেল দুটি প্রতিষ্ঠানের সর্বশেষ সংযোজন হিসেবে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে। পাশাপাশি আসন্ন শিপমেন্টে জিবি-৩ এবং ডব্লিউএসপি নামে আরও দুটি নতুন মডেল দেশের বাজারে যুক্ত হওয়ার ঘোষণা দেওয়া হয়। মডেল ও সংস্করণভেদে এসব ইলেকট্রিক যানবাহনের প্রস্তাবিত দাম নির্ধারণ করা হয়েছে ৫৫ হাজার টাকা থেকে ৪ লাখ ১০ হাজার টাকা পর্যন্ত। প্রতিটি বাইকের মোটর ও ফ্রেমসহ ২৮টি গুরুত্বপূর্ণ যন্ত্রাংশে লিখিত ওয়ারেন্টি সুবিধা দেওয়া হচ্ছে। এর মধ্যে কন্ট্রোলার ও চার্জারে ২ বছর এবং ২৪টি অ্যাকসেসরিজে ৬ থেকে ১২ মাসের ওয়ারেন্টি রয়েছে। ব্যাটারির ক্ষেত্রে অফিশিয়াল নীতিমালা অনুযায়ী রিপ্লেসমেন্ট ও রিপেয়ার সুবিধার পাশাপাশি অনুমোদিত সার্ভিস সেন্টারে আজীবন ফ্রি সার্ভিস লেবার, ১৫ কিলোমিটার এলাকার মধ্যে হোম ও স্পট সাপোর্ট এবং ২৪ ঘণ্টার মধ্যে দ্রুত আঞ্চলিক সেবা পাওয়া যাবে।