বস্ত্র খাতেও নতুন মজুরি কাঠামো প্রণয়নের উদ্যোগ

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

তৈরি পোশাক খাতের পর এবার বস্ত্রশিল্পের শ্রমিকদের জন্যও নতুন নিম্নতম মজুরি কাঠামো প্রণয়নের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)। এ লক্ষ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নিম্নতম মজুরি বোর্ডের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় করছে সংগঠনটি। গত শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিটিএমএ। এতে বলা হয়, বস্ত্রশিল্পের শ্রমিকদের জন্য ন্যায্য, বাস্তবসম্মত ও সময়োপযোগী মজুরি কাঠামো নির্ধারণে প্রাথমিক প্রস্তুতি শুরু হয়েছে। সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে নির্ধারিত সময়ের আগেই নতুন মজুরি কাঠামো প্রণয়নের প্রক্রিয়া শেষ করতে চায় সংগঠনটি।

বিটিএমএ জানায়, ২০২৪ সালে বস্ত্রশিল্পের শ্রমিকদের সর্বশেষ নিম্নতম মজুরি ঘোষণা করা হয়েছিল। ওই কাঠামোর মেয়াদ ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত। তবে নতুন মজুরির দাবিতে বিভিন্ন কারখানায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেওয়ায় আগেভাগেই এ বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে।

সংগঠনটির দাবি, কয়েকটি কারখানায় শ্রমিকদের একটি ক্ষুদ্র অংশ নতুন মজুরির দাবিকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।