প্রিন্ট সংস্করণ
০০:০০, ১৮ জুন, ২০২৬
নফল নামাজের মধ্যে অন্যতম সালাতুত তাসবিহ। সালাতুত তাসবিহ অর্থ তাসবিহ পাঠের নামাজ। প্রচলিত অর্থে তাসবিহ হলো আল্লাহর প্রশংসাবাচক শব্দ।
এ নামাজ আদায়ে বিগত জীবনের গুনাহ মাফ হয়। পাওয়া যায় বিপুল সওয়াব। এ নামাজে একটি তাসবিহ ৩০০ বার পড়তে হয়। তাসবিহটি হলো- উচ্চারণ : সুবহানাল্লাহি, ওয়াল হামদু লিল্লাহি, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার।
অর্থ : আল্লাহ পবিত্র, সব প্রশংসা আল্লাহর জন্য, আল্লাহ ছাড়া কোনো উপাসক নেই এবং আল্লাহ সর্বশ্রেষ্ঠ।
জীবনে অন্তত একবার হলেও সালাতুত তাসবিহ পড়তে হয়। এ নামাজের সংবাদ হজরত মুহাম্মদ (সা.) তার চাচাকে দিয়েছিলেন। হজরত আবদুল্লাহ বিন আব্বাস (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) একদিন তার চাচা আব্বাস ইবনে আবদুল মুত্তালিবকে (রা.) বললেন, ‘হে আমার সম্মানিত চাচা। আমি কি আপনার খেদমতে একটি মূল্যবান হাদিয়া পেশ করব? আপনার দশটি কাজ ও দশটি খেদমত করে দেব? অর্থাৎ আপনাকে এমন একটি কাজ বলে দেব, যা দিয়ে দশটি উপকার হবে। এটি এমন একটি আমল যখন আপনি তা করবেন, তখন আল্লাহ তাআলা আপনার যাবতীয় গুনাহ ক্ষমা করে দেবেন। অতীত ও ভবিষ্যতের নতুন-পুরাতন, ইচ্ছাকৃত-অনিচ্ছাকৃত, জানা-অজানা, ছোট-বড় যাবতীয় গুনাহ ক্ষমা করে দেবেন। ওই আমলটি হলো সালাতুত তাসবিহ। হে চাচা, যদি সম্ভব হয় এই নামাজ প্রতিদিন একবার পড়বেন। তাও যদি সম্ভব না হয় তাহলে প্রতি শুক্রবার পড়বেন। যদি তাও সম্ভব না হয় তাহলে প্রতি মাসে একবার, আর যদি তাও সম্ভব না হয় তবে প্রতিবছর একবার পড়বেন। আর এটাও যদি সম্ভব না হয় তাহলে জীবনে একবার হলেও সালাতুত তাসবিহ আদায় করবেন।’ (সুনানে আবু দাউদ, হাদিস : ১২৯৯)
সালাতুত তাসবিহের নিয়ম : সালাতুত তাসবিহ চার রাকাত নামাজ। প্রতি রাকাতে সুরা ফাতেহা এবং পরে যেকোনো একটি সুরা পড়তে হয়। অন্য নফল নামাজের মতোই এটি আদায় করতে হবে। তবে এ নামাজের প্রতি রাকাতে ‘সুবহানাল্লাহি ওয়াল হামদু লিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার’ দোয়াটি ৭৫ বার পড়তে হয়।
প্রথম রাকাতে কেরাত পড়া শেষে এ তাসবিহ ১৫ বার পড়তে হবে। এরপর রুকুতে গিয়ে রুকুর তাসবিহ শেষ করে তাসবিহটি ১০ বার পড়তে হবে। রুকু থেকে মাথা উঠিয়ে ১০ বার পড়তে হবে। এরপর সিজদায় যেতে হবে। সিজদারত অবস্থায় সিজদার তাসবিহ শেষ করে ১০ বার পড়তে হবে। এরপর সিজদা থেকে মাথা উঠিয়ে ১০ বার পড়তে হবে। এরপর আবার সিজদায় গিয়ে সিজদার তাসবিহ শেষ করে ১০ বার পড়তে হবে। এরপর সিজদা থেকে মাথা উঠিয়ে ১০ বার পড়তে হবে। এভাবে প্রতি রাকাতে ৭৫ বার পড়তে হবে।
নামাজে তাসবিহ গণনার ক্ষেত্রে খুব মনোযোগী ও সতর্ক থাকতে হবে। মুখে অথবা হাতের আঙুল দ্বারা সরাসরি গণনা করা যাবে না। তবে আঙুল বন্ধ করে গণনা করা জায়েজ থাকলেও তা মাকরুহ। তাই গণনার উত্তম পদ্ধতি হলো, হাতের আঙুলগুলো স্বাভাবিক রাখা এবং এক তাসবিহ পড়া হলে এক আঙুল চাপ দেওয়া। কোনো ক্ষেত্রে যদি তাসবিহে ভুল হয়ে যায় বা কম হয়ে যায়, তাহলে তা অন্য রোকনে পড়ে নিলেও হবে। লক্ষ্য রাখতে হবে, তা যেন রুকু থেকে উঠে এবং দুই সিজদার মধ্যখানে না হয়। (ফতোয়া শামি, ২/৫০)