প্রিন্ট সংস্করণ
০০:০০, ৩১ আগস্ট, ২০২৬
ইসলামি সভ্যতা শুধু একটি ধর্মীয় বিশ্বাসের ভিত্তি নয়, এটি ছিল এক পূর্ণাঙ্গ মানবিক সংস্কৃতি, যা জ্ঞান, বিজ্ঞান, ন্যায়বিচার, নৈতিকতা, শিল্প, সাহিত্য, উদ্ভাবন এবং নেতৃত্বের প্রতিটি ক্ষেত্রেই অসামান্য অবদান রেখেছে| ইসলামের প্রথম যুগ থেকে শুরু করে আন্দালুস, বাগদাদ, কায়রো, কর্ডোভা ও সমরকন্দ পর্যন্ত ইতিহাসের যে গৌরবোজ্জ্বল অধ্যায় রচিত হয়েছে, তা আজও সমগ্র মানবজাতির জন্য এক গর্বের স্মারক| গণিত, চিকিৎসাবিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান, দার্শনিক চিন্তাচর্চা, ভূগোল, কৃষিবিজ্ঞান ও প্রযুক্তির বহু শাখায় মুসলিম মনীষীদের অবদান অনস্বীকার্য|
মুসলিম জাতি শুধুই একটি ধর্মীয় গোষ্ঠী নয়, বরং এমন এক মহান উম্মাহ, যাদের কথা আল্লাহতায়ালা কোরআনে ঘোষণা করে বলেন, 'তোমরা উত্তম জাতি, যাদের মানুষের কল্যাণে সৃষ্টি করা হয়েছে|' (সুরা আলে ইমরান : ১১০)|
সুতরাং যদি এই গৌরবময় ইতিহাসকে যথাযথ মূল্যায়ন করা হতো তাহলে আজকের জটিল বিশ্ববাস্তবতায়ও ইসলামি চিন্তাধারা ও সভ্যতা যে কতটা প্রাসঙ্গিক ও প্রয়োজনীয়, তা সহজেই প্রতীয়মান হতো|
শিক্ষাক্ষেত্রে মুসলমানদের অবদান
'পড়ো' শব্দটি দিয়েই কোরআনের প্রথম ওহি শুরু হয়েছে, যা প্রমাণ করে, ইসলামে জ্ঞান অর্জন কতটা গুরুত্বপূর্ণ| এই আদর্শ ধারণ করেই মুসলিমরা ইতিহাসের পাতায় শিক্ষাক্ষেত্রে অমোচনীয় অবদান রেখেছেন| মুসলিম পণ্ডিতরা শুধু ধর্মীয় শিক্ষায় নয়, বিজ্ঞান, দর্শন, চিকিৎসা, গণিত, জ্যোতির্বিজ্ঞানসহ নানা ক্ষেত্রে জ্ঞানচর্চার নতুন দ্বার উন্মোচন করেন| গবেষণা ও আবিষ্কারের লক্ষ্যে তারা দীর্ঘ ভ্রমণ করতেন এবং ভ্রমণের অভিজ্ঞতা, পর্যবেক্ষণ ও বিশ্লেষণগুলো পাণ্ডুলিপি ও গ্রন্থে আবার নিখুঁতভাবে লিপিবদ্ধ করতেন| বিশেষভাবে মুসলমানরা যে বিষয়টিতে যুগান্তকারী ভূমিকা রেখেছেন, তা হলো পরীক্ষামূলক বৈজ্ঞানিক গবেষণা পদ্ধতির সূচনা| আজকের আধুনিক বিজ্ঞানের ভিত্তি হিসেবে যে গবেষণা পদ্ধতি ব্যবহৃত হয়, তার প্রাথমিক কাঠামোটি মুসলিম বিজ্ঞানীরাই তৈরি করেছিলেন|
এই পদ্ধতিতে রয়েছে পর্যবেক্ষণ ও প্রশ্ন উত্থাপন, সুনির্দিষ্ট পরিমাপ, তত্ত্বের অনুমান, পরীক্ষা ও বিশ্লেষণ, ফলাফলের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ| ধাপে ধাপে গবেষণার এই রীতি পরবর্তী সময়ে ইউরোপীয় বিজ্ঞানীদের হাতে গিয়ে আধুনিক বিজ্ঞান হিসেবে রূপ লাভ করে| এখানে তার কয়েকটি নমুনা তুলে ধরা হলো-
চিকিৎসাক্ষেত্রে মুসলমানদের অবদান
ইসলামের শিক্ষায় যেমন আত্মার পবিত্রতার গুরুত্ব রয়েছে, তেমনি দেহের পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য রক্ষা করাও একটি গুরুত্বপূর্ণ ইবাদত হিসেবে গণ্য করা হয়েছে| নবীজি (সা.) এরশাদ করেছেন, 'আল্লাহ এমন কোনো রোগ পাঠাননি, যার প্রতিকারও তিনি নাজিল করেননি|' (বোখারি : ৫৬৭৮)| এই হাদিস মুসলমানদের চিকিৎসাবিজ্ঞানের পথে অগ্রসর হওয়ার অনুপ্রেরণা জুগিয়েছে|
মুসলিম চিকিৎসাবিদরা রোগের প্রতিকার অনুসন্ধানকে ইবাদতের অংশ মনে করে চিকিৎসাশাস্ত্র চর্চা ও গবেষণায় ব্রত হয়েছিলেন| সংক্রামক রোগ প্রতিরোধে কোয়ারেন্টিন বা আলাদা করে রাখার পদ্ধতি প্রথম কার্যকরভাবে সুস্পষ্ট নির্দেশ দিয়েছেন মুহাম্মাদ (সা.)| তিনি বলেন, 'যদি কোথাও প্লেগ মহামারি দেখা দেয়, সেখানে প্রবেশ কর না| আর যদি তোমরা সেই স্থানে অবস্থান কর, তাহলে সেখান থেকে বের হয়ো না|' (বোখারি : ৫৭২৮)|
বিশ্বসভ্যতায় মুসলমানদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদানগুলোর একটি হলো হাসপাতালের প্রতিষ্ঠা| ইসলামের প্রথম যুগে চিকিৎসাসেবা ছিল নির্দিষ্ট ব্যক্তি বা ঘরানার হাতে সীমাবদ্ধ; কিন্তু মুসলমানরা তা প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন| ইতিহাসে প্রথম হাসপাতাল প্রতিষ্ঠা করেন উমাইয়া খলিফা আল-ওয়ালিদ ইবনে আব্দুল মালিক, যিনি প্রথমে কুষ্ঠরোগীদের জন্য আশ্রয়কেন্দ্র নির্মাণ করেন| এরপর পর্যায়ক্রমে মুসলমানরা অসংখ্য হাসপাতাল গড়ে তোলেন, যেগুলোকে 'বিমারিস্তান' (অর্থাৎ অসুস্থদের জন্য ঘর) বলা হতো| এই বিমারিস্তানগুলোতে চিকিৎসা ছিল বিনামূল্যে, ছিল ওষুধ সরবরাহেরও ব্যবস্থা, এমনকি মানসিক রোগীদের জন্য আলাদা ওয়ার্ড এবং নারী চিকিৎসার জন্য নারী ডাক্তারও নিয়োগ করা হতো| এসব ব্যবস্থা ছিল একেবারে আধুনিক হাসপাতালের পূর্ণরূপ, যা বিশ্বের অন্য কোনো সভ্যতায় তখন কল্পনাও করা হয়নি|
বিশ্ববরেণ্য মুসলিম চিকিৎসকদের মধ্যে অন্যতম হলেন আবু বকর আল-রাজি (রহ.)| তিনি ছিলেন একাধারে একজন চিকিৎসক, দার্শনিক ও গবেষক| তার সবচেয়ে বিখ্যাত রচনাগুলোর মধ্যে রয়েছে 'আল-হাওয়ি'| তিনি প্রায় ৩০টি চিকিৎসা সম্পর্কিত তত্ত্ব-তথ্য বিশদভাবে উপস্থাপন করেন| আরেক কিংবদন্তি চিকিৎসক হলেন ইবনে সিনা, যাঁকে 'চিকিৎসাবিদ্যার রাজপুত্র' নামে অভিহিত করা হয়| তার অমর গ্রন্থ 'আল-কানুন ফি তিব্ব' সাত শতাব্দীরও বেশি সময় ধরে ইউরোপ ও এশিয়ার চিকিৎসাবিদ্যায় পাঠ্যবই হিসেবে ব্যবহৃত হয়েছে| এতে চিকিৎসার মৌলিক নীতি, রোগের শ্রেণিবিন্যাস এবং চিকিৎসাপদ্ধতি সুচারুভাবে বর্ণনা করা হয়েছে| ইসলামের স্বর্ণযুগে আরও বহু জ্ঞানী চিকিৎসক ও গবেষক মানবতার কল্যাণে অসামান্য অবদান রেখেছেন| তাদের মধ্যে অন্যতম আবু কাসিম জাহরাবি ইতিহাসের প্রথম আধুনিক সার্জন হিসেবে খ্যাত| তিনি অস্ত্রোপচার পদ্ধতির ওপর বিশাল রচনা 'আত-তাসরিফ' গ্রন্থে উপস্থাপন করেন| ইবনু নাফিস, যিনি প্রথম মানুষ হিসেবে হৃদযন্ত্র ও রক্ত সঞ্চালন প্রক্রিয়া (পালমোনারি সার্কুলেশন) ব্যাখ্যা করেন| আল-বিরুনি-একজন বহুমুখী জ্ঞানী, যিনি চিকিৎসার পাশাপাশি ফার্মাকোলজিতে (ঔষধবিজ্ঞান) বিশেষ অবদান রাখেন|
বিজ্ঞানে মুসলমানদের অনন্য অবদান
ইতিহাস সাক্ষ্য দেয়, বিজ্ঞানের অগ্রগতিতে মুসলিম পণ্ডিতদের অবদান শুধু প্রভাবশালীই নয়, বরং যুগান্তকারী| তারা এমন সব জ্ঞান ও আবিষ্কারের দ্বার উন্মোচন করেছিলেন, যা পাশ্চাত্য বিশ্বের পণ্ডিতদের প্রশংসা ও বিস্ময়ে অভিভূত করেছিল| পশ্চিমা গবেষকরা আজও স্বীকার করেন যে, বিজ্ঞানের বহু শাখায় মুসলিম ও আরব পণ্ডিতদের ভিত্তি স্থাপন ছাড়া আধুনিক বিজ্ঞান এত দূর এগোতে পারত না| বিশেষ করে গণিত বিজ্ঞানের কথা বললে, মুসলিম পণ্ডিতরা এতে অসাধারণ অবদান রেখেছেন| পাটিগণিত, বীজগণিত, ত্রিকোণমিতি ও জ্যামিতির মতো শাখাগুলো তাদেরই অবদান| তারা শুধু বিদ্যমান সূত্র ও জ্ঞানের পুনরাবৃত্তি করেননি, বরং সেগুলোকে উন্নত করে নতুন তত্ত্ব ও পদ্ধতির সৃষ্টি করেন| এই ক্ষেত্রে উল্লেখযোগ্য মুহাম্মদ ইবনে মুসা আল-খোয়ারিজমি, যাকে আধুনিক কম্পিউটিংয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনকারী এবং 'কম্পিউটারের জনক' হিসেবেও অভিহিত করা হয়| তিনি নবম শতাব্দীতে গণিতের বিভিন্ন শাখায় যুগান্তকারী কাজ করেন| তার লেখা বই 'আল-জাবর ওয়াল মুকাবালাহ' থেকে 'অ্যালজেব্রা' (বীজগণিত) শব্দটির উৎপত্তি হয়েছে|
এ ছাড়া তার উদ্ভাবিত গাণিতিক পদ্ধতিগুলোই পরে 'অ্যালগরিদম' নামে পরিচিতি পায়, যা বর্তমান কম্পিউটারবিজ্ঞানের অন্যতম প্রধান ভিত্তি| এভাবেই ইসলামের স্বর্ণযুগে অসংখ্য মুসলিম পণ্ডিত বিভিন্ন শাখায় অবিস্মরণীয় অবদান রেখেছেন| যেমন- ভূগোল ও মানচিত্রাঙ্কনে মাসউদি, ইদরিসি; স্থাপত্য ও শিল্পকলায় সিনান পাশা, আন্দালুসিয়ার মুসলিম স্থপতিরা; জ্যোতির্বিদ্যায় আল-বিরুনি, আল-ফারগানি; রসায়নে জাবির ইবনে হাইয়ানের মতো ব্যক্তিরা| তাদের গবেষণা, সৃষ্টি ও চিন্তাধারা শুধু মধ্যযুগীয় জ্ঞানচর্চার দ্বার খুলে দেয়নি, বরং আধুনিক সভ্যতার অনেক ক্ষেত্রেই প্রত্যক্ষ ও পরোক্ষ অবদান রেখেছে| বর্তমান বিশ্বের অগ্রগতি ও প্রযুক্তির অনেক স্তম্ভ আজও এসব মুসলিম মনীষীর মৌলিক অবদানের ওপর নির্ভরশীল|