অবশেষে মিললো ফিফার ছাড়পত্র
হামজা চৌধুরী এখন বাংলাদেশের
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক

হামজা চৌধুরী বাংলাদেশের জার্সিতে কবে খেলবেন? বাংলাদেশের ফুটবলপ্রেমীদের মনে একটাই প্রশ্ন ছিল। অবশেষে দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটলো। ইংলিশ প্রিমিয়ার লিগ তারকা হামজা চৌধুরীর বাংলাদেশের হয়ে খেলতে আর বাধা নেই। গতকাল বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রামে ভিডিওবার্তায় এই সুসংবাদটি দিয়েছেন হামজা নিজেই। এর কয়েক মিনিট পরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনও তাকে খেলানোর ব্যপারে ফিফার ছাড়পত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। একই সময়ে লিস্টার সিটি তাদের ফেসবুক অ্যাকাউন্টে লাল সবুজ পতাকা হাতে হামজা চৌধুরীর ছবি পোস্ট করে লিখেছে, ‘আজ হামজা চৌধুরী তার জাতীয় দলের প্রতিনিধিত্বের অধিকার পরিবর্তন করে বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন।’
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে হামজার সঙ্গে যোগাযোগ চলছিল অনেক দিন ধরেই। এতদিন বিভিন্ন প্রক্রিয়া শেষে তিনি বাংলাদেশের হয়ে খেলার খুব কাছে ছিলেন। বাফুফের আবেদনটা অবশ্য ঝুলে ছিল বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটিতে। এর আগে গত জুনে বাংলাদেশের পাসপোর্টের আবেদন করেন হামজা। আগস্টে সেই পাসপোর্ট হাতে পান। এরপরপরই ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) ছাড়পত্র মেলে তার।
হামজা অবশ্য ঘোষণার কয়েক ঘণ্টা আগেই তার হাজারো ভক্তদের উদ্দেশে এই ঘোষণা দেয়ার ইঙ্গিত দিয়েছিলেন। ভিডিওবার্তায় হামজা বলেন, সবাইকে শুভেচ্ছা, আমি হামজা বলছি। আমি খুবই আনন্দিত, পরিকল্পনামাফিক হয়েছে। বাংলাদেশের হয়ে খেলার জন্য আমার তর সইছে না। আশা করি অচিরেই সবার সঙ্গে দেখা হবে।’ সব জটিলতা মিটে যাওয়ায় হামজাকে আগামী বছর মার্চে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় পর্বে বাংলাদেশের জার্সিতে দেখা যেতে পারে। ২৫ মার্চ ভারতের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের মিশন। ১৯৯৭-এর ১ অক্টোবর লেস্টারশায়ারের লাফবরোতে জন্ম নেয়া হামজা চৌধুরী ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের হয়ে ৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ২০১৪-১৫ মৌসুম থেকে এখন পর্যন্ত লেস্টার সিটির হয়ে ২৫৩ ম্যাচ খেলেছেন তিনি। ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলেন বাংলাদেশি বংশোদ্ভুত হামজা দেয়ান চৌধুরী। বেশ কয়েক মাস ধরেই বাংলাদেশের জার্সিতে তার খেলার কথা। বাংলাদেশি পাসপোর্ট, ইংল্যান্ড ফুটবল এসোসিয়েশনের অনাপত্তিপত্র সব আনুষ্ঠানিকতাই সম্পন্ন হয়েছে। বাংলাদেশের হয়ে খেলার জন্য শেষ ধাপ ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছেও আবেদন করেছে বাফুফে অনেক দিন আগে। সেই আবেদনের পরও দুই পক্ষ একাধিক চিঠি চালাচালি করেছে।
বাফুফে সভাপতি মাত্র দুই দিন আগেও হামজা চৌধুরী নিয়ে বলেছিলেন এখনো কোনো আপডেট নেই। হামজাচৌধুরীর বাংলাদেশের খেলা নিয়ে গণমাধ্যম ও সামাজিক মাধ্যমেও অনেক আলোচনা চলছে। বিভিন্ন সময় বিভিন্ন রকম তথ্য আসছে। কোনো আপডেট থাকলে বাফুফে সভাপতি গণমাধ্যমকে জানাবেন বলে মন্তব্যও করেছিলেন।
