বাংলাদেশ আফগানিস্তান যুবাদের লড়াই আজ

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

সিরিজে এগিয়ে যাবার লক্ষ্য নিয়ে আজ পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ৯টায় শুরু হবে সিরিজের চতুর্থ ওয়ানডে। বগুড়ার শহিদ চান্দু স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে পেসার ইকবাল হোসেন ইমনের দুর্দান্ত বোলিং এবং কালাম সিদ্দিকির সেঞ্চুরিতে বাংলাদেশ বৃষ্টি আইনে ৫ রানে হারায় আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে। ইমন ১০ ওভার বল করে ৫৭ রানে ৫ উইকেট নেন। ব্যাট হাতে ১১টি চারে ১১৯ বল খেলে ১০১ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেন কালাম। বৃষ্টির কারণে টস ছাড়াই দ্বিতীয় ম্যাচ পরিত্যক্ত হয়।

রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় হার মানে বাংলাদেশের যুবারা। ১০২ রানের বড় ব্যবধানে হারে স্বাগতিকরা। প্রথমে ব্যাট করে ফয়সাল সিনোজাদার সেঞ্চুরিতে ৫০ ওভারে ৭ উইকেটে ২৭৫ রান করে আফগানিস্তান। ১০৫ বলে ১০০ রান করেন ফয়সাল। জবাবে ব্যাটাররা বড় ইনিংস খেলতে না পারায় ৩৭.২ ওভারে ১৭৩ রানে অলআউট হয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। বড় ইনিংস খেলার আভাস দিয়ে দলের পক্ষে সর্বোচ্চ ৭১ রান করেন কালাম। দ্বিতীয় সর্বোচ্চ ৫২ রান করেন রিজান হোসেন। আফগানিস্তানের স্পিনার জাইতুল্লাহ শাহিন ৪ উইকেট শিকার করেন। এই ভেন্যুতেই ৯ নভেম্বর সিরিজের শেষ ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ ও আফগানিস্তান যুব দল।