মুশফিকে মুগ্ধ আয়ারল্যান্ডের কোচ

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

দীর্ঘ ২০ বছরের ক্যারিয়ার। এই পুরো পথটায় মুশফিকুর রহিম বাংলাদেশ দলের অন্য অনেকের চেয়ে আলাদা হয়ে উঠেছেন তার নিয়মানুবর্তিতা আর পরিশ্রম দিয়ে। আর সেই পথই তাকে নিয়ে এসেছে বাংলাদেশের হয়ে প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলার দুয়ারে। ফলে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট অনেকটা পরিণত হয়েছে মুশফিকুর রহিমের টেস্ট হিসেবে। আজ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচেই তিনি ছুঁয়ে ফেলবেন মাইলফলক, যা শুধু একটি সংখ্যা নয়, মুশফিকের দুই দশকের সাধনার প্রতিচ্ছবিও।

মুশফিককে নিয়েই সব আলোচনা। সেই উত্তাপে নাম লেখালেন আয়ারল্যান্ড কোচ হাইনরিখ মালান। মুশফিককে কাছ থেকে দেখে তার নিবেদন নিয়ে মুগ্ধ তিনি। যদিও মুশফিককে খুব কাছ থেকে দেখার সুযোগ আইরিশ কোচের। তবু তার এক গুণ গতকাল সোমবার মিরপুরে সংবাদ সম্মেলনে আলাদা করে তুলে ধরলেন হেনরিখ মালান। তাকে প্রশ্ন করা হয়েছিল- মুশফিকের কাছ থেকে কোনো জিনিসটা নিতে বলবেন তার দলের ক্রিকেটারদের?

উত্তরে মালান বলেছেন, ‘আমি বলব তার পেশাদারত্ব। আমি ভোরে ওঠা মানুষদের একজন। প্রতিদিন সকাল পৌনে ছয়টায় তাকে হোটেলে দেখি নাশতা করছে। সবার আগে বাসে ওঠে।

সে যখন মাঠে আসে, ওয়ার্ম আপ করে, ব্যাটিং অনুশীলন করে- তখনও বাকিরা হয়তো এসেই পৌঁছায়নি। যখন আপনি পর্দার আড়ালে এত কিছু করবেন, তখন আপনার দিকে আলো আসবেই।’ ২০১৮ সালে টেস্ট ক্রিকেটের সঙ্গে পথচলা শুরু আয়ারল্যান্ডের। গত ৭ বছরে তারা দল হিসেবেই এই সিরিজের আগে খেলেছে মাত্র ১০ টেস্ট। সেখানে কোনো একটি নির্দিষ্ট দেশের কেউ ১০০ টেস্ট খেলছেন, সেটিকে বিরাট অর্জন মনে করছেন মালানও, ‘দেশের হয়ে ১০০ টেস্ট খেলাটা দারুণ একটা অর্জন। আমরা দল হিসেবেই মাত্র ১০টা (সিলেট টেস্টসহ ১১টি) টেস্ট খেলেছি। এই জিনিসটা থেকেই আপনি বুঝতে পারবেন, কতোটা দীর্ঘ পথ সে পাড়ি দিয়েছে। অনেক পরিশ্রম করেছে টেস্ট ক্রিকেটের জন্য।’