
শান্ত সকাল যেন এক ঝটকায় পাল্টে গেল। ছুটির সকালের আড়মোড়া ভাঙার অলসতা মুহূর্তেই চূর্ণ হয়ে গেল কম্পনের তীব্রতায়। ভূমিকম্পে যখন কেঁপে ওঠে গোটা দেশ, মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে তখন ফিল্ডিংয়ে বাংলাদেশ দল। খেলা বন্ধ হয়ে যায় কিছুক্ষণের জন্য। গতকাল শুক্রবার দিনের খেলা শেষে বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসে তাইজুল ইসলাম বললেন, শুরুতে তারা বুঝে উঠতে পারেননি।
পরে ভূমিকম্প বুঝতে পেরে একটু অস্থির হয়ে পড়েন তারা। মিরপুর টেস্টের তৃতীয় সকালে আয়ারল্যান্ড ইনিংসের ৫৬তম ওভারে তৃতীয় ডেলিভারিটি করত যখন প্রস্তুতি নিচ্ছিলেন মেহেদী হাসান মিরাজ, ঠিক সেই মুহূর্তে হঠাৎ কেঁপে ওঠে পুরো স্টেডিয়াম। ক্রিকেটাররা থেমে দাঁড়ান, পরস্পরের তাকাতে লাগলেন। ডাগআউটের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরাও উঠে দাঁড়ান। খেলা বন্ধ থাকে তখন তিন মিনিটের মতো। দেশজুড়ে ততক্ষণে ছড়িয়ে পড়েছে আতঙ্কের রেশ। তবে মাঠে তো খেলা বেশিক্ষণ বন্ধ রাখা যায় না। সবাই একটু ধাতস্থ হওয়ার পর আবার খেলা শুরু হয়। দিনের খেলা শেষে তাইজুল জানালেন তাদের সেই সময়ের অনুভূতি। ‘আসলে প্রথমে বুঝিনি (ভূমিকম্প)। কিন্তু একটা সময় সম্ভবত মিডিয়া বক্স যে জায়গা থেকে, সেদিক থেকে একটা আওয়াজ আসছিল। ওইৃ একটা শব্দ এসেছে। তারপরে শারীরিকভাবেও অনুভব করেছি। ওই সময়ে একটা আতঙ্ক কাজ করছিল।’ বাংলাদেশ ফিল্ডিংয়ে থাকায় অন্য সবার মতো ভূমিকম্পের অনুভূতিটা তাদের সেভাবে হয়তো ছুঁয়ে যায়নি।