খেলোয়াড়দের নির্বাচনি প্রচারণায় অংশগ্রহণ নিষিদ্ধ
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি প্রচারণায় জাতীয় দলের খেলোয়াড়দের ব্যবহার না করার বিষয়ে সকল ফেডারেশন, অ্যাসোসিয়েশন ও সংশ্লিষ্ট অন্যান্য সকল পক্ষকে সতর্ক করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) মোহাম্মদ আমিনুল এহসান স্বাক্ষরিত এক চিঠিতে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ চিঠিতে উল্লেখ করেছে, ‘বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড়রা দেশের সম্পদ এবং সকল নাগরিকের কাছে একাত্মতার প্রতীক। খেলাধুলা এবং খেলোয়াড়দের ভাবমূর্তি কোনো প্রকার রাজনৈতিক বা নির্বাচনি কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হওয়া বা তাদের ব্যবহার করা ক্রীড়াঙ্গনের নিরপেক্ষতা ও পবিত্রতা রক্ষার স্বার্থে কাম্য নয়।’ আসন্ন নির্বাচন উপলক্ষে প্রচারণাকালে জাতীয় ক্রীড়া পরিষদ লক্ষ্য করছে, কোনো কোনো মহল বা ব্যক্তি জাতীয় দলের বর্তমান খেলোয়াড়দের প্রচারণায় বা রাজনৈতিক উদ্দেশ্যে সাধনের জন্য ব্যবহার করার উদ্যোগ গ্রহণ করেছে।
