‘জেতার জন্য যত দরকার তত রান করবে বাংলাদেশ’

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের পর এবার টি-টোয়েন্টি সিরিজে নামতে যাচ্ছে বাংলাদেশ দল। যে সিরিজেও জিততে চায় টাইগাররা। গতকাল মঙ্গলবার চট্টগ্রামের উদ্দেশে ঢাকা ছাড়ার আগে এমন লক্ষ্যের কথাই জানিয়েছেন টিম ডিরেক্টর আব্দুর রাজ্জাক। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে রাজ্জাক বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে দুইটা সিরিজের একটা আমরা জিতেছি, একটা হেরেছি। মোটামুটি হয়েছে আরকি। দুইটা জিতলেই ভালো হতো। কিন্তু এই সিরিজে আমাদের লক্ষ্য থাকবে যে টি-টোয়েন্টি সিরিজও নিশ্চিত করা আরকি।’

চলতি বছরের পারফরম্যান্স নিয়ে খুশি থাকলেও রাজ্জাক মনে করেন টি-টোয়েন্টি মোমেন্টামের খেলা, ‘আমাদের কিন্তু শেষ বেশিরভাগ টি-টোয়েন্টি সিরিজ আমরা জিতেছি। কোনো না কোনোভাবে তো জিতছে। তো জিতলে তাহলে খারাপ বলবো কীভাবে? খারাপ কেন বলছেন? আমার কাছে ওরকম মনে হয়নি, কিন্তু এটা মোমেন্টামের খেলা যেহেতু, তো মোমেন্টামগুলো যাতে ধরে রাখা যায়।’ চট্টগ্রামের উইকেট বরাবরই ব্যাটিংবান্ধব হয়ে থাকে। রাজ্জাক আশাবাদী চট্টগ্রামেও ভালো রান হবে, ‘যে টিমের কাছে বেশিক্ষণ মোমেন্টামটা থাকে, ওরাই জিতে। তো আমরা চেষ্টা করবো ওইটাই যে, যাতে আমাদের কাছে মোমেন্টামটা বেশিক্ষণ থাকে আরকি। উইকেট এখনও দেখিনি।

জেতার জন্য যে রান দরকার সেই রানই করা হবে ইনশাআল্লাহ।’ আগামীকাল ২৭ নভেম্বর মাঠে গড়াবে সিরিজের প্রথম ম্যাচ। দ্বিতীয় ম্যাচ ২৯ নভেম্বর। আর সিরিজের শেষ ম্যাচ হবে ২ ডিসেম্বর। সিরিজের সবগুলো ম্যাচ হবে চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ শহিদ ফ্লাইট ল্যাফটেনেন্ট মতিউর রহমান স্টেডিয়াম।

আশরাফুলকে নিয়ে আশাবাদী টিম ডিরেক্টর রাজ্জাক : আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে দলের নতুন ব্যাটিং কনসালটেন্ট মোহাম্মদ আশরাফুলের ভূমিকা ও প্রভাব নিয়ে আশাবাদী মত প্রকাশ করেছেন বাংলাদেশ দলের টিম ডিরেক্টর আব্দুর রাজ্জাক। সকালে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি জানান, এত অল্প সময়ে আশরাফুলের কাজের সম্পূর্ণ মূল্যায়ন করা কঠিন হলেও তার উপস্থিতি দলের জন্য ইতিবাচক প্রভাব ফেলছে। রাজ্জাক বলেন, ‘আশরাফুল খুব অভিজ্ঞ খেলোয়াড়। যেহেতু মাত্র একটা সিরিজ কাজ করেছে। এখানে অল্প সময়ের মধ্যে বলাও মুশকিল। আসলে এইগুলো ইনক্লুশন সময়। বেশ সময় পরে বোঝা যায় যে আসলে কী ইমপ্যাক্ট পড়ছে। হুট করে একটা মানুষকে নিয়ে যেকোনো মন্তব্য করে দেওয়া একটু মুশকিল।’ অভিজ্ঞতা ও ট্যাকটিক্যাল বিষয়গুলোতে আশরাফুল যে দলের ব্যাটারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন, সেটিও তুলে ধরেন রাজ্জাক। তিনি বলেন, ‘টেকনিকের থেকে ট্যাকটিসের ব্যাপার আসলে তো অবশ্যই আশরাফুল খাটাচ্ছে। ও বলছে, কথা বলছে। আমি দেখছি সবসময় ও ব্যাটারদের কাছাকাছি থাকে, প্র্যাকটিসে থাকে, এমনকি খেলা চলাকালেও কথা বলছে। তো আমার কাছে মনে হয় যে এটার ইতিবাচক প্রভাব পড়বে ইনশাআল্লাহ।’ দল পরিচালনায় নতুন সংযোজন হিসেবে আশরাফুলকে যুক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকলেও দেশের ক্রিকেটে সবচেয়ে বেশি অভিজ্ঞ ব্যাটসম্যানদের একজন তিনি। তাই দলে তার উপস্থিতিকে তরুণদের আত্মবিশ্বাস বাড়ানোর সুযোগ হিসেবে দেখছেন টিম ম্যানেজমেন্ট। টি-টোয়েন্টি সিরিজের আগে দলের প্রস্তুতিতেও আশরাফুল ছিলেন সক্রিয়। ব্যাটারদের সঙ্গে আলাপ, ছোট ছোট টিপস দেওয়া, পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং পরিকল্পনা শেয়ার সবকিছুতেই তার সম্পৃক্ততা নজরে এসেছে। টিম ডিরেক্টর রাজ্জাকের মতে, সময়ের সঙ্গে আরও স্পষ্টভাবে বোঝা যাবে আশরাফুলের অন্তর্ভুক্তি দলের জন্য কতটা কার্যকর হচ্ছে। তবে এরইমধ্যে তার প্রভাব যে ইতিবাচক, তা নিশ্চিত করেই জানিয়েছেন তিনি।