ঢাকা রোববার, ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

চীনে বাংলাদেশের গোল উৎসব চলছেই

চীনে বাংলাদেশের গোল উৎসব চলছেই

এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাইপর্বে দুর্দান্ত ধারাবাহিকতা ধরে রেখেছে বাংলাদেশ। তিমুর-লেস্টে ও ব্রুনাইয়ের বিপক্ষে বড় জয়ের পর শ্রীলঙ্কাকেও উড়িয়ে দিয়েছে লাল সবুজের কিশোররা। টানা তিন ম্যাচে গোল-বন্যা দেখিয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব স্পষ্ট করল দলটি। গতকাল বুধবার চীনের ইয়ংচুয়ান স্পোর্টস সেন্টারে অনুষ্ঠিত ‘এ’ গ্রুপের তৃতীয় ম্যাচে লঙ্কানদের ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। এর আগে তিমুর-লেস্টেকে ৫-০ এবং ব্রুনাইকে ৮-০ গোলে হারিয়ে শক্ত অবস্থানে ছিল বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল জোড়া গোল, ইকরামুল, মানিক ও বায়েজিদ একটি করে গোল করেন।

বাংলাদেশ পুরো ম্যাচজুড়ে আধিপত্য বিস্তার করে শ্রীলঙ্কার ডিফেন্সের উপর চাপ বজায় রাখে। শ্রীলঙ্কার গোলরক্ষক ভালো পারফর্ম করলেও বাংলাদেশের ধারাবাহিক আক্রমণাত্মক ফুটবলে ৫ গোল হজম করতে হয়েছে। ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশ ২-০ গোলে এগিয়ে ছিল। পাঁচ মিনিটের ব্যবধানে বাংলাদেশ দুই গোল পায়। ২৪ মিনিটে আরিফের দারুণ পাস থেকে ইকরামুল মাথা ছুঁইয়ে জালে বল পাঠিয়ে বাংলাদেশের গোলযাত্রা শুরু করেন। এরপর অপুর অসাধারণ পাসে মানিক দুর্দান্ত ফিনিশিংয়ে দলকে দ্বিতীয় গোল উপহার দেন। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ আরো তিন গোল করে। ৬৪ মিনিটে রিফাতের পাস থেকে ফয়সাল এক ডিফেন্ডারকে কাটিয়ে ঠান্ডা মাথায় শট নিয়ে গোল করেন। নির্ধারিত সময়ের শেষ মিনিটে বায়জিদ দূর থেকে জোরালো শটে গোল করেন। ইনজুরি সময়ে অধিনায়ক ফয়সাল হাফ-ভলিতে দারুণ লং রেঞ্জ শটে নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোল করেন।

বাংলাদেশ দলের প্রধান কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, ‘আমাদের ছেলেরা ৯০ মিনিট ভালো ফুটবল খেলেছে। গোলের সুযোগ তৈরি করেছে এবং কাজে লাগিয়েছে এজন্য ফুটবলারদের ধন্যবাদ। আগামী দুটি ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। এজন্য সবার কাছে দোয়া চাই।’ এএফসি অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টের বাছাইয়ে বাংলাদেশ এ গ্রুপে রয়েছে। স্বাগতিক চীনের পাশাপাশি ব্রুনাই, তিমুর লেস্তে, শ্রীলঙ্কা ও বাহরাইনও আছে একই গ্রুপে। এই গ্রুপের চ্যাম্পিয়ন দলই আগামী বছর সৌদি আরবে মূল পর্বে খেলবে। বাংলাদেশের পরবর্তী ম্যাচ ২৮ নভেম্বর বাহরাইনের বিপক্ষে। এই গ্রুপে বাংলাদেশের মূল প্রতিদ্বন্দ্বী মূলত চীন ও বাহরাইন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত