বিশ্বকাপে কলকাতায় তিন ম্যাচ বাংলাদেশের

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

বিশ্বকাপের গ্রুপিং ও সূচি ঘোষণার পরদিন অধিনায়কের সংবাদ সম্মেলন। সেখানে বিশ্বকাপ সংক্রান্ত নানা আলোচনাই বেশি থাকার কথা। কিন্তু শামীম হোসেনের বাদ পড়ার প্রক্রিয়া নিয়ে লিটন কুমার দাস এমন ঝড় তুললেন যে, অন্য সব প্রসঙ্গই প্রায় উড়ে যাওয়ার জোগাড়। এর ফাঁকে স্রেফ ছোট্ট করে তিনি বললেন, এক ভেন্যুতে তিন ম্যাচ হওয়ায় বাড়তি সুবিধা পেতে পারে দল। বিশ্বকাপের ‘সি’ গ্রুপে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও নেপালকে। প্রথম ম্যাচ তিনটি হবে কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে, নেপালের সঙ্গে ম্যাচটি মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে।

২০ দলের আসরে চার গ্রুপের মধ্যে তুলনামূলক কঠিন যে দুটি গ্রুপ, এর একটিতে পড়েছে বাংলাদেশ। প্রতি গ্রুপ থেকে দুটি করে দল উঠবে সুপার এইট পর্বে। বাংলাদেশের সামনে মূল বাধা অবশ্যই ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। তবে নেপালকেও উপেক্ষা করার মতো নয়। এশিয়া উঠতি শক্তি এই দেশটি, বেশ উজ্জীবিত ক্রিকেট খেলে থাকে তারা।