কুস্তি ফেডারেশনকে তলব বিওএ’র

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

আন্তর্জাতিক গেমসে বিতর্ক যেন পিছু ছাড়ছেই না বাংলাদেশের। ফি গেমসে কোন কোন বিতর্কের জন্ম দেন কর্মকর্তারা। বাহরাইনে এশিয়ান ইয়ুথ গেমসে তেমন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও ইসলামিক সলিডারিটি গেমসে কুস্তিতে ওয়াকওভারে ঘটনা ঘটেছে। নারী ৬৮ কেজি ওজন শ্রেণীর ব্রোঞ্জ পদক লড়াইয়ের ম্যাচে বাংলাদেশের কুস্তি খেলোয়াড় হালিমা আক্তার অনুপস্থিত ছিলেন। এজন্য গেমসে বাংলাদেশের শেফ দ্য মিশন সেলিম ফকির গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) পক্ষে কুস্তি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও গেমসের কুস্তি দলের ম্যানেজার মেজবাহ উদ্দিন আজাদের কাছে ব্যাখ্যা জানতে চেয়েছেন।

২০ নভেম্বর নারী কুস্তি খেলোয়াড় হালিমা আক্তারের ব্রোঞ্জের ম্যাচ ছিল। সেই ম্যাচে হালিমা উপস্থিত না হওয়ায় আজারবাইজানের নিগার মিরজাজাদে জয়ী হন। সূচি থাকা সত্ত্বেও হালিমা কেন উপস্থিত হননি এবং ম্যানেজার হিসেবে খেলোয়াড় যথাসময়ে ভেন্যুতে উপস্থিত রাখার দায়িত্ব ম্যানেজার। মেজবাহ উদ্দিন আজাদ কেন সেই দায়িত্ব যথাযথ পালন করেননি বিওএর প্যাডে গেমসের শেফ দ্য মিশন সেলিম ফকির স্বাক্ষরিত চিঠিতে সেই ব্যাখা জানতে চাওয়া হয়েছে।

৩ ডিসেম্বরের মধ্যে মেজবাহ উদ্দিনকে আনুষ্ঠানিকভাবে এই জবাব দিতে হবে। কুস্তিতে দুই জন নারী খেলোয়াড় অংশগ্রহণ করেছেন। দুইজন নারী খেলোয়াড়ের সঙ্গে ফেডারেশনে সাধারণ সম্পাদক নিজেই কোচ কাম ম্যানেজার পদে ছিলেন। নারী খেলোয়াড়ের সঙ্গে নারী ম্যানেজার কিংবা টেকনিক্যাল ব্যক্তির উপস্থিত কাম্য।