বিশ্বকাপ সূচি অপরিবর্তিত রাখল আইসিসি

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যেতে চায় না বাংলাদেশ। প্রায় তিন সপ্তাহ ধরে একই অবস্থানে ছিল তারা। আইসিসি তাদের ভেন্যু পরিবর্তনের অনুরোধ নাকচ করে দিয়েছে গতকাল বুধবার সন্ধ্যার সভা শেষে। ভার্চুয়ালি এই সভায় আইসিসির প্রেসিডেন্ট জয় শাহের নেতৃত্বে উপস্থিত ছিলেন পূর্ণ সদস্য দেশের ১৬ বোর্ড পরিচালক। বাংলাদেশকে ভারতেই খেলা নিয়ে অবস্থান জানাতে ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছে। বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবি ওঠায় বিশ্বকাপ সূচিতে পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছিল। সবশেষ আইসিসি সভা শেষে তেমন কোনো সম্ভাবনা আর নেই। আইসিসিও এক বিবৃতিতে জানিয়ে দিয়েছে, তারা বস্তুনিষ্ঠ হুমকির মূল্যায়ন শেষে নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকি খুঁজে পায়নি। তাই সূচি সংক্রান্ত জটিলতা থাকছে না। সূচি অপরিবর্তিত থাকার ঘোষণা দিয়েছে আইসিসি।