হেলিকপ্টারে চড়ে এলো বিপিএল ট্রফি

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

ঘড়ির কাঁটায় তখন সাড়ে ৪টার একটু বেশি, মিরপুরের আকাশ থেকে শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে নেমে এলো সাদা-কালো রঙে মোড়ানো হেলিকপ্টার। সেটি মাটিতে অবতরণ করতেই বিপিএলের বহুল আকাঙ্ক্ষিত হীড়া খচিত ট্রফি হাতে নেমে এলেন রাজশাহী ওয়ারিয়র্সের ব্যাটার আকবর আলী ও নারী দলের সাবেক অধিনায়ক সালমা খাতুন। বাংলাদেশ এখন পর্যন্ত এই দুজনের নেতৃত্বেই দুটো টুর্নামেন্ট জিতেছে। সালমা খাতুনের অধীনে ২০১৮ সালে নারী এশিয়া কাপ ও আকবর জিতেছেন ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ।

সালমা ও আকবর, দুজনে লাল পর্দায় মোড়ানো ট্রফি এনে রাখেন পোডিয়ামে। এরপর ফাইনালের দুই অধিনায়ক রাজশাহীর নাজমুল হোসেন শান্ত ও চট্টগ্রাম রয়্যালসের শেখ মেহেদী উন্মোচন করেন বিপিএলের নতুন এই ট্রফি। এই মুহূর্তে মাঠের চারপাশে কালার স্মোকের ধোয়ায় ভরে যায় হোম অব ক্রিকেটের আকাশ, তৈরি হয় জাঁকজমক পরিবেশ। এই পর্ব শেষ করে বিশেষ গাড়িতে মাঠের চারপাশ ঘোরানো হয় ট্রফিটি, এতে দর্শকদের মধ্যে তৈরি হয় বাড়তি রোমাঞ্চ। এবারের বিপিএল শুরুর আগে থেকেই আলোচনায় ছিল ২৫ লাখ টাকা খরচ করে বানানো এই ট্রফি। সাধারণত ফাইনালের আগের দিন ট্রফি উন্মোচন ও অধিনায়কদের ফটোসেশন হয়ে থাকে। তবে এবার দেখা গেলো ভিন্নতা, ফাইনাল মাঠে গড়ানোর দেড় ঘণ্টা আগে করা হলো এসব আয়োজন। তবে শুধু ট্রফি উন্মোচন আর ফটোসেশনই নয়। এদিন ছিল জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা ও সামান্থা পারভেজের পারফরম্যান্সও। নিজের নৃত্য শেষে পুরো মাঠ ঘুরে দর্শকদের নজর কাড়েন তিশা।