নারী লিগে শিরোপার পথে রাজশাহী
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক
নারী লিগে ফরাশগঞ্জ ও রাজশাহী স্টার্স- সমানে সমান। তাই দুই দলের লড়াই ছিল শিরোপা দ্বৈরথের। সেই লড়াইয়ে জিতে শিরোপার পথে পা দিয়ে রাখল রাজশাহী। গতকাল শনিবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহিদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ফরাশগঞ্জকে ১-০ গোলে হারিয়ে দেয় রাজশাহী। মূলত পুরান ঢাকার ধলটির গোলকিপার ইয়ারজান বেগমের ভুলেই সর্বনাশ হয়েছে উত্তরবঙ্গের দলটির। জয়ী দলের হয়ে একমাত্র গোলটি করেন আলপি আক্তার। এ নিয়ে চলমান লিগে তাঁর গোলসংখ্যা দাঁড়াল ২০-এ। তার উপরে ২২ গোল রয়েছে শুধু শামসুন্নাহার জুনিয়রের। লিগে এটিই ফরাশগঞ্জের প্রথম হার।
অন্যদিকে অপরাজিত থেকে সপ্তম রাউন্ড শেষ করল মাহমুদা শরীফা অদিতির দল রাজশাহী স্টার্স। সাত ম্যাচে শতভাগ জয়ে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে রাজশাহী। সমান ম্যাচে ৬ জয় এবং এক হারে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে ফরাশগঞ্জ। এক ম্যাচ বেশি খেলে ২১ পয়েন্ট বাংলাদেশ আর্মি স্পোর্টিং ক্লাব লিমিটেডের। দুইয়ে থাকা আর্মির মেয়েরা ফরাশগঞ্জের বিপক্ষে হেরেছে। লিগের বাকি আরও তিন রাউন্ড। সামনের তিন ম্যাচ জিতলে রাজশাহীর চ্যাম্পিয়ন হওয়া সময়ের ব্যাপার মাত্র।
তবে তাদের এই তিন ম্যাচের মধ্যে একটি আবার আর্মির বিপক্ষে। যাদের ১-০ গোলে হারাতে বেগ পেতে হয়েছিল ফরাশগঞ্জকে। ওই ম্যাচে কোনো অঘটন না ঘটলে শিরোপা উল্লাস করবে নারী লিগের নবাগত দল রাজশাহী স্টার্স। কেননা লিগ শেষে সর্বোচ্চ পয়েন্টধারী দলটিই হবে চ্যাম্পিয়ন। ফরাশগঞ্জেরও বাকি তিন ম্যাচ। তবে তিনটিতে জিতলেও হবে না, তাদের তাকিয়ে থাকতে হবে রাজশাহী ও আর্মির মধ্যকার ম্যাচের দিকে। ওই ম্যাচের ফলাফলের ওপর ঝুলে আছে ফরাশগঞ্জের শিরোপা স্বপ্ন।
