নির্বাচক থেকে কোচ
চ্যালেঞ্জ জিতলেন হান্নান সরকার
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক

আগের বছল হান্নান সরকারের পরিচয় ছিল জাতীয় দল নির্বাচক। জাতীয় দলের সাবেক এ ওপেনারের জন্য বেশ আকর্ষণীয় ও সম্মানজনক ছিল এ দায়িত্ব। কিন্তু হুট করেই সেই দায়িত্ব ছেড়ে দিয়ে তিনি একদিন ঘোষণা করলেন, কোচ হিসেবে নিজের ক্যারিয়ার গড়তে চান। এসি রুমে বসে না থেকে মাঠের ক্রিকেটে কাজ করতে চান। এরপর এক বছরও হয়নি এখনও। নিজের পিঠ চাপড়ে দিয়ে হান্নান বলতেই পারেন, চ্যালেঞ্জ নিয়ে তিনি ভুল করেননি! গত ২ ফেব্রুয়ারি নির্বাচক কমিটি থেকে পদত্যাগ করেন হান্নান। নতুন অধ্যায়ে তার প্রথম দায়িত্ব ছিল আবাহনী লিমিটেডের প্রধান কোচ। দেশে রাজনৈতিক পালাবদলের পর ক্রীড়াঙ্গনে আবাহনীর দাপটও প্রবলভাবে কমে আসে। আর্থিক সংকট তৈরি হয়। খুব শক্তিশালী দল তারা গড়তে পারেননি। কিন্তু সেই দলই চমকপ্রদ পারফরম্যান্সে চ্যাম্পিয়ন হয়ে যায় ঢাকা লিগে। সেখানে বড় কৃতিত্ব তো কোচে প্রাপ্যই। এবার বিপিএলে তিনি দায়িত্ব নেন রাজশাহী ওয়ারিয়র্সের। নিলামের টেবিলে নিজেদের উপস্থাপন, দল গঠন, পরিকল্পনা, দল পরিচালনা, বিদেশি ক্রিকেটার সংগ্রহ, বিকল্প তৈরি রাখা, সবকিছুতেই দারুণ গোছানো ও পেশাদারিত্বের ছাপ রাখে দলটি।
সেসবের ইতিবাচক প্রভাব পড়ে মাঠের পারফরম্যান্সেও। প্রাথমিক পর্বে শীর্ষে থাকা দল শেষ পর্যন্ত জিতে নেয় শিরোপাও। চ্যাম্পিয়ন হওয়ার পর কোচকে দারুণ প্রশংসায় ভাসালেন শান্ত। পাশাপাশি জাতীয় দলেও তার কাজ করার দাবি জানিয়ে রাখলেন রাজশাহী অধিনায়ক। ‘আমার মনে হয় (তিনি) আউটস্ট্যান্ডিং কাজ করেছেন। ডিপিএলে (ঢাকা প্রিমিয়ার লিগ), ভালো কাজ করেছেন, বিপিএলেও দারুণ কাজ করেছেন। ফলাফল দেখলেই বুঝতে পারবেন আপনারা। ফলাফল ছাড়াও উনার যে ধরনের কমিটমেন্ট, প্ল্যানিং, সব মিলিয়ে আমার মনে হয় যে খুব ভালো কাজ করেছেন। আমি আশা করব, যে সামনে উনি এখান থেকে আরও ভালো কাজ করবেন এবং বাংলাদেশ ক্রিকেটের সহায়তা করার চেষ্টা করবেন। আমি বলব যে, খুব দারুণ একটা সময় পার করেছি, আমরা এই পুরো বিপিএলে এবং ডিপিএলে একসঙ্গে আমরা কাজ করেছি। সব মিলিয়ে দারুণ কাজ করেছেন।
খেলোয়াড়ি জীবন শেষ হওয়ার আগেই ২০১০ সালে বিসিবির লেভেল ওয়ান ও পরের বছর লেভেল টু কোচিং কোর্স করেন হান্নান। বাংলাদেশের হয়ে ১৭ টেস্ট ও ২০ ওয়ানডে খেলা ব্যাটসম্যান পরে ঘরোয়া ক্রিকেটে কোচ হিসেবে বিভিন্ন ভূমিকা পালন করেন। প্রথম দুই বিপিএলে দুরন্ত রাজশাহীর সহকারি কোচ ছিলেন তিনি। পরে রাজশাহীরই আরেকটি ফ্র্যাঞ্চাইজি রাজশাহী কিংসে একই দায়িত্ব পালন করেছেন দুই দফায়। ঢাকা প্রিমিয়ার লিগে ব্যাটিং কোচ হিসেব কাজ করেছেন আবাহনী লিমিটেড ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবে। এছাড়াও জাতীয় লিগে ঢাকা মেট্রোর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন। কাজ করেছেন বাংলাদেশ ক্রিকেট লিগেও। এবার বিপিএলে এসেও সাফল্যের দেখা পেয়ে গেলেন ৪৩ বছর বয়স কোচ।
