বিশ্বকাপ থেকে বাংলাদেশ বাদ
আইসিসির সমালোচনায় আফ্রিদি-গিলেস্পি
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক
ভারতে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ায় আইসিসির কড়া সমালোচনা করেছেন দুই সাবেক ক্রিকেটার শাহিদ আফ্রিদি ও জেসন গিলেস্পি। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির প্রসঙ্গ সামনে এনে ভারত ও বাংলাদেশের সঙ্গে আইসিসির আচরণের তুলনা টেনেছেন তারা। নিরাপত্তা শঙ্কায় ভারত থেকে নিজেদের ম্যাচ সরিয়ে শ্রীলঙ্কায় নেওয়ার দাবি জানায় বাংলাদেশ। এতে সাড়া দেয়নি আইসিসি। তবে গত বছর একই কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পাকিস্তানে যেতে রাজি হয়নি ভারত। বিসিসিআইয়ের দাবি মেনে ভারতের ম্যাচগুলো আয়োজন করা হয় দুবাইয়ে। নিজ দেশে ফাইনাল আয়োজন করতে পারেনি পাকিস্তান। ভারত ফাইনালে যাওয়ায় শিরোপা নির্ধারণী ম্যাচ হয় দুবাইয়ে। একই ধরনের ঘটনায় দুই দলের সঙ্গে দুই রকম আচরণ করায় সামাজিক মাধ্যম এক্সে বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থাকে কাঠগড়ায় তোলেন দুই সাবেক ক্রিকেটার।
