চ্যাম্পিয়ন সাবিনারা ফিরছেন বৃহস্পতিবার

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

দক্ষিণ এশিয়ার নতুন টুর্নামেন্ট সাফ ফুটসালের চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে আগামী বৃহস্পতিবার দেশে ফিরছে বাংলাদেশ নারী দল। থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত টুর্নামেন্টে সাবিনা-কৃষ্ণারা অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে শেষ ম্যাচে মালদ্বীপকে ১৪-২ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে। ব্যাংকক থেকে ফুটসাল দলের ম্যানেজার ইমরানুর রহমান জানিয়েছেন, ছেলেদের দল মঙ্গলবার বিকাল সোয়া চারটায় ঢাকায় পৌঁছাবে এবং দুইদিন পর একই সময় ঢাকায় পৌঁছাবে মেয়েদের দল।

থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত প্রথমবারের মতো আয়োজিত সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ অধিনায়ক সাবিনা খাতুনের নেতৃত্বে শিরোপা জিতেছে বাংলাদেশ। সাত দল নিয়ে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় পাঁচটি জয় ও একটি ড্র নিয়ে একমাত্র অপরাজিত দল হিসেবেই টুর্নামেন্ট শেষ করে বাংলাদেশ। ৩২ বছর বয়সী সাবিনার নেতৃত্বের সাফল্যের খাতায় এটি যুক্ত হলো আরেকটি গৌরবময় অধ্যায়। এর আগে তার অধিনায়কত্বেই বাংলাদেশ জিতেছিল ২০২২ ও ২০২৪ সালের সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা।

নতুন এই ফরম্যাটে বাংলাদেশের দাপট গড়ে ওঠে মূলত অধিনায়কের হাত ধরেই। ফুটসালেও দ্রুত মানিয়ে নিয়ে সামনে থেকে নেতৃত্ব দেন সাবিনা। শুধু নেতৃত্ব নয়, গোল করেও ছিলেন অনন্য। ১৪ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হন তিনি, যা ছিল যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা, বাংলাদেশের কৃষ্ণা রানি সরকার ও ভারতের খুশবু সারোজের চেয়ে সাত গোল বেশি। পরিসংখ্যানই বলে দেয়, বাকিদের চেয়ে তার মান কতটা আলাদা।

এ বিষয়ে সাবিনার স্পষ্ট বক্তব্য, ‘ফুটবল হোক বা ফুটসাল, আমার কাজ সবসময়ই গোল করা। দুই সংস্করণেই গোল করতে পারলে ভালো লাগে, তবে গোল করা কখনোই সহজ নয়। এর জন্য দক্ষতা আর নিয়মিত পরিশ্রম দরকার।’

স্বল্প প্রস্তুতি নিয়েই ফুটসাল দলে যোগ দিয়েছিলেন সাবিনা। তবু অভিজ্ঞতার সঠিক ব্যবহার করলে ভালো কিছু করা সম্ভব, এ বিশ্বাস ছিল তার। সাতক্ষীরার এই ফুটবলার বলেন, ‘আমার অন্তর্ভুক্তি যদি দলকে সাহায্য করে, তাহলে না আসার কোনো কারণ ছিল না। আমাদের প্রস্তুতির সময় খুব কম ছিল, কিন্তু আমি মনে করেছি অভিজ্ঞ কয়েকজন খেলোয়াড়কে নিয়ে এক-দুই মাস অনুশীলন করলেই ইতিবাচক কিছু করা সম্ভব।’