বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে ‘এ’ প্লাস বাদ

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি তালিকা নতুন করে পর্যালোচনা করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চুক্তির তালিকায় ‘এ’ প্লাস ক্যাটাগরি না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব সংস্করণে (টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি) নিয়মিত খেলোয়াড়ের সংকট থাকায় এবার সর্বোচ্চ এই গ্রেড রাখা হচ্ছে না বলে জানা গেছে। প্রতি বছরের শুরুতে জাতীয় দলের চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করে থাকে বিসিবি।

যদিও চলতি বছরের (২০২৬ সালের) জন্য এখনও চুক্তির আওতায় থাকা ক্রিকেটারদের তালিকা প্রকাশিত হয়নি। তবে কেন্দ্রীয় চুক্তির নতুন তালিকা প্রস্তুতের কাজ প্রায় শেষ, এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি। গত বছর বাংলাদেশ জাতীয় দলের ২২ ক্রিকেটার কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেয়েছিল। এবার সেটি বাড়িয়ে উন্নীত করা হতে পারে ২৭-এ। সেক্ষেত্রে নতুন করে বেশ কয়েকজন ক্রিকেটার নতুন চুক্তিতে জায়গা পাবেন। চূড়ান্ত অনুমোদনের জন্য তালিকাটি এখন বোর্ড সভার অপেক্ষায় রয়েছে।

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে বিসিবির এক কর্মকর্তা বলেন, ‘এবারের কেন্দ্রীয় চুক্তিতে আমরা কোনো ‘এ’ প্লাস ক্যাটাগরি রাখছি না। বর্তমানে আমাদের কোনো ক্রিকেটারই তিন সংস্করণে নিয়মিত খেলছেন না, যা ‘এ’ প্লাস ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হওয়ার অন্যতম শর্ত। আমরা ২৭ জনের একটি তালিকা করেছি, এখন বোর্ডের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় আছি।’

উল্লেখ্য, ২০২৫ সালে বিসিবি কেন্দ্রীয় চুক্তির কাঠামোয় পরিবর্তন এনে আবারও ইউনিভার্সাল গ্রেডিং পদ্ধতিতে ফিরে যায়। তখন খেলোয়াড়দের পাঁচটি ক্যাটাগরিতে- এ প্লাস, এ, বি, সি ও ডি-ভাগ করা হয়। এর আগে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি আলাদা করে চুক্তির ব্যবস্থা ছিল।

২০২৫ সালের কেন্দ্রীয় চুক্তিতে ফেব্রুয়ারি পর্যন্ত থাকা মাহমুদউল্লাহ রিয়াদ নতুন তালিকায় নেই। সব সংস্করণ থেকে অবসর নেওয়ায় তাকে এবার বিবেচনায় আনা হয়নি। তবে আগের চুক্তিতে থাকা বাকি ২১ জন ক্রিকেটার নতুন তালিকাতেও জায়গা ধরে রেখেছেন।