‘বাংলাদেশের বিশ্বকাপে না থাকা দুঃখজনক’

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের না খেলতে পারাকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা। ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের প্রসঙ্গে আগের মতোই তিনি বলেছেন, এই সিদ্ধান্তে ক্রিকেটারদের কিছু করার নেই, সরকার ও ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তকে সম্মান করবেন তারা। নিরাপত্তা শঙ্কায় ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় থাকায় আসর থেকে বাদ পড়েছে বাংলাদেশ। তাদের পরিবর্তে র‍্যাংকিং অনুযায়ী স্কটল্যান্ডকে সুযোগ দিয়েছে আইসিসি।

বিশ্বকাপে বাংলাদেশের না থাকা নিয়ে কলম্বোয় গতকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে নিজের অভিমত জানান পাকিস্তান অধিনায়ক সালমান।

‘বাংলাদেশিরা আমাদের ভাই, পাকিস্তানের প্রতি তাদের সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ। এটা দুঃখজনক যে, তারা টুর্নামেন্টে খেলছে না।’ বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার পর পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয় যে, বড় কোনো সিদ্ধান্ত নিতে পারে পাকিস্তানও, সেটি হতে পারে বিশ্বকাপ বর্জন করাও।

গত রোববার পাকিস্তান সরকার জানায়, বিশ্বকাপে তারা দল পাঠাবে, তবে বর্জন করবে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ।

বিষয়টি নিয়ে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শেষে সালমান বলেছিলেন, এখানে ক্রিকেটারদের করার কিছু নেই। আবারও একই কথাই বললেন তিনি। ‘ভারত ম্যাচ (খেলা বা না খেলা) আমাদের নিয়ন্ত্রণে নেই। এটি সরকার ও পিসিবির সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্তকে আমরা সম্মান করি। তারা যা বলবে, আমরা তাই করব।’

নকআউট পর্বেও যদি ভারতের বিপক্ষে খেলা পড়ে, তখনও পাকিস্তান সরকারের সিদ্ধান্ত মেনে চলবেন বলে জানান সালমান। ‘যদি আমাদের আবার তাদের বিপক্ষে সেমি-ফাইনাল বা ফাইনালে খেলতে হয়, তাহলে আমাদের তাদের (সরকার ও পিসিবি) কাছে যেতে হবে এবং তাদের পরামর্শ অনুযায়ী কাজ করতে হবে।’