পাশে থাকায় পাকিস্তানকে ক্রীড়া উপদেষ্টার ধন্যবাদ
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক

টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার জন্য পাকিস্তানকে ধন্যবাদ জানালেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড ফেসবুক পাতায় ক্রীড়া উপদেষ্টা লিখেছেন, ‘ধন্যবাদ পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে তার দেশ ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। গত বুধবার মন্ত্রিসভার সদস্যদের তিনি বলেন, আমরা ভারতের বিপক্ষে ম্যাচ খেলব না। কারণ খেলার মাঠে কোনো রাজনীতি থাকা উচিত নয়। আমরা খুব ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি। আমাদের সম্পূর্ণভাবে বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত। আমি মনে করি এটি খুবই উপযুক্ত সিদ্ধান্ত।’
ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় থেকে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়েছে বাংলাদেশ। তাদের পরিবর্তে র্যাংকিং অনুযায়ী সুযোগ দেওয়া হয়েছে স্কটল্যান্ডকে। এরপরই পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হচ্ছিল, বড় কোনো সিদ্ধান্ত নিতে পারে পাকিস্তানও, সেটি হতে পারে বিশ্বকাপ বর্জন করাও। গত রোববার পাকিস্তান সরকার জানায়, বিশ্বকাপে তারা দল পাঠাবে, তবে বর্জন করবে ভারতের বিপক্ষে ম্যাচ।
ম্যাচ বর্জনের কারণ যদিও অনুমিতই, তবু আনুষ্ঠানিকভাবে পাকিস্তান সরকার বা ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে তখন কিছু জানানো হয়নি। অবশেষে গত বুধবার ব্যাপারটি নিশ্চিত করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শারিফ।
মন্ত্রিসভায় তিনি বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আমরা খুব স্পষ্ট অবস্থান নিয়েছি যে, ভারতের বিপক্ষে ম্যাচ আমরা খেলব না, কারণ পাকিস্তান বলেছে এটি খেলাধুলার মাঠ, রাজনীতির নয়। ক্রীড়াক্ষেত্রে কোনো রাজনীতি থাকা উচিত নয়। আমরা খুব ভেবেচিন্তে অবস্থান নিয়েছি এবং আমাদের সম্পূর্ণরূপে বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত। আমি মনে করি খুব উপযুক্ত সিদ্ধান্ত এটি।’ ভারত ও শ্রীলঙ্কায় এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে শনিবার।
