টি-২০ বিশ্বকাপের পর্দা উঠছে আজ
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া ডেস্ক
প্রায় এক যুগ ধরে টি-টোয়েন্টি বিশ্বকাপ মানেই লাল সবুজের ক্রিকেটপ্রেমীদের মাঝে বাড়তি উত্তেজনা থাকে। কিন্তু এবার টাইগার সমর্থকদের কাছে এ টুর্নামেন্ট এক হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ, বাংলাদেশ এবার কুড়ি ওভারের ক্রিকেটের সর্বোচ্চ এ আসরে খেলছে না। কেন খেলছে না, তা সবারই জানা। আবার বাংলাদেশের সমর্থনে পাকিস্তানও ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন করেছে। এমন পরিস্থতির মধ্যেই আজ মুম্বাইয়ের ঐতিহ্যবাহী ওয়াংখেড়ে স্টেডিয়ামে পর্দা উঠতে যাচ্ছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ এর।
টুর্নামেন্টের প্রথম ম্যাচে সহ-আয়োজক ভারত ও যুক্তরাষ্ট্রের মুখোমুখি হওয়ার আগে সঙ্গীত, নৃত্য আর আলোর ঝলকানিতে মাতবে পুরো স্টেডিয়াম। স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় শুরু হওয়া এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রথমেই মঞ্চ কাঁপাবেন ঋষভ শর্মা ও শিবামণি। তাদের সংগীত পরিবেশনা দর্শকদের উত্তেজনায় ভাসিয়ে দেবে শুরুতেই। এর পরই ঘটবে সবচেয়ে আকর্ষণীয় মুহূর্ত। জেটপ্যাক পরা এক শিল্পীর মাধ্যমে আকাশপথে স্টেডিয়ামে প্রবেশ করবে বিশ্বকাপের ঝকঝকে ট্রফি। ট্রফিটিকে স্বাগত জানাবেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ ও ভারতের সাবেক অধিনায়ক রোহিত শর্মা। তাদের সঙ্গে থাকবে অংশগ্রহণকারী ২০টি দেশের প্রতিনিধিত্বকারী ২০ জন শিশু, যাদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করা হবে এবারের বিশ্বকাপের। এরপর শুরু হবে বিনোদনের মূল পর্ব। জনপ্রিয় র্যাপ শিল্পী বাদশা পরিবেশন করবেন হাই-এনার্জির লাইভ শো। তার পরেই নৃত্যের জাদুতে দর্শকদের মাতাবেন নোরা ফাতেহি। তাকে সঙ্গ দিবে বিশাল নৃত্যদল। শেষ মুহূর্তে দুজন শিল্পী একসঙ্গে হাজির হবেন শেষটা রাঙাতে। যার পর থাকবে চোখ ধাঁধানো আতশবাজির প্রদর্শনী। টি-টোয়েন্টি ক্রিকেটের গতি ও উত্তেজনাকে সামনে রেখে সাজানো এই অনুষ্ঠানেই সূচনা হবে দশম আসরের বিশ্বকাপ। ভারত ও শ্রীলঙ্কা জুড়ে চার গ্রুপে ভাগ হয়ে ২০ দল লড়বে মোট ৫৫টি ম্যাচে, লক্ষ্য একটাই; বিশ্বসেরা হওয়ার গৌরব।
