শেষ মুহূর্তে ভারতীয় শিবিরে চোটের থাবা
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া ডেস্ক
টি-টোয়েন্টি বিশ্বকাপে মাঠে নামার আগে গা গরমের ম্যাচেই বিপত্তি বাঁধিয়েছেন হার্শিত রানা। চোটের থাবায় ভারতীয় এই পেসারের এখন মূল টুর্নামেন্টে খেলা নিয়েই জেগেছে প্রবল শঙ্কা। নাভি মুম্বাইয়ে গত বুধবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ঊরুতে চোট পান হার্শিত। সেদিন মাঠ ছাড়ার আগে এক ওভার বোলিং করেন তিনি, ১৬ রান দিয়ে থাকেন উইকেটশূন্য। ভারত ও শ্রীলঙ্কায় শনিবার পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের। মুম্বাইয়ে প্রথম দিন যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে ভারত। আগের দিন সংবাদ সম্মেলনে হার্শিতের অবস্থা নিয়ে নিয়ে কথা বলেন দলটির অধিনায়ক সুরিয়াকুমার ইয়াদাভ। ‘সে এখনও ছিটকে যায়নি। ফিজিও তাকে পর্যবেক্ষণ করছে। তবে আমার মনে হয়, আগামীকাল আমরা জানতে পারব কী হবে। কিন্তু এখন তার অবস্থা খুব একটা ভালো মনে হচ্ছে না।’
বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও কার্যকর ভূমিকা রাখতে পারেন হার্শিত। তাই তাকে হারানো ভারতের জন্য ধাক্কা হয়ে আসতে পারে। অবশ্য বাকিরা ফিট থাকলে খুব বেশি প্রভাব ভারত দলে নাও পড়তে পারে।
স্পিনিং অলরাউন্ডার আকসার প্যাটেল আছেন দলটিতে। তিনি হয়তো আট নম্বরে ব্যাটিং করবেন। এছাড়া দুই পেসারের একাদশ গড়লে জাসপ্রিত বুমরাহ ও আর্শদিপ সিং থাকবে। সঙ্গে পেস বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ও শিভাম দুবে তো আছেনই।
মুখে হাসি নিয়ে সুরিয়াকুমার সংবাদ সম্মেলনে বললেন, ‘দুশ্চিন্তার কিছু নেই, কালকের ম্যাচের জন্য আমাদের এগারোজন খেলোয়াড় আছে।’ ভারতের জার্সিতে এখন পর্যন্ত নয়টি টি-টোয়েন্টি খেলে ৯ উইকেট নিয়েছেন হার্শিত। স্বীকৃত টি-টোয়েন্টিতে ৪৭ ম্যাচে তার প্রাপ্তি ৫২ উইকেট। ঘরের মাঠে বিশ্বকাপ হওয়ায় রিজার্ভ কোনো খেলোয়াড় রাখেনি ভারত। সুরিয়াকুমার বলেছেন, শেষ পর্যন্ত হার্শিত ছিটকে গেলে ব্যাট হাতেও ভালো এমন একজন পেসারকে দলে ডাকার চেষ্টা করবেন তারা।
