সুপার লিগ থেকে সরে গেল বার্সেলোনা
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া ডেস্ক
ইউরোপীয় ফুটবলের বহুল আলোচিত ও বিতর্কিত ইউরোপিয়ান সুপার লিগ থেকে সরে যাওয়ার ইঙ্গিত মাস তিনেক আগেই দিয়েছিলেন বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তা। এবার আনুষ্ঠানিকভাবে প্রকল্পটি থেকে বেরিয়ে গেল কাতালান ক্লাবটি। রয়ে গেল শুধু তাদের চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। গতকাল শনিবার ক্লাবটির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে কাতালান জায়ান্টরা। বিবৃতিতে বলা হয়েছে বার্সেলোনা ঘোষণা করছে যে, ইউরোপিয়ান সুপার লিগ প্রকল্প থেকে সরে আসার বিষয়ে আজ ইউরোপিয়ান সুপার লিগ কোম্পানি এবং সংশ্লিষ্ট ক্লাবগুলোকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে।
গত অক্টোবরে বার্সেলোনার সভাপতি লাপোর্তা বলেছিলেন, উয়েফার সঙ্গে পুনরায় সম্পর্ক স্থাপন করতে ও ইউরোপিয়ান ক্লাব অ্যাসোসিয়েশনে (ইসিএ) পুনরায় যোগ দিতে চান তারা। ২০২১ সালের এপ্রিলে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্রতিদ্বন্দ্বী হিসেবে সুপার লিগের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিল শুরুতে এতে যোগ দেওয়া ১২টি ক্লাব। তখন এই ক্লাবগুলোকে ইসিএ থেকে বাদ দেওয়া হয়েছিল। ফিফা ও উয়েফাসহ এর বিভিন্ন অঙ্গসংগঠনের প্রবল বাধা ও সমর্থকদের কড়া সমালোচনার মুখে ৪৮ ঘণ্টার মধ্যেই সুপার লিগ থেকে সরে দাঁড়ায় ৯টি ক্লাব। পরে তাদের ইসিএ-তে পুনরায় যুক্ত করা হয়।
সুপার লিগে টিকে ছিল শুধু রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও ইউভেন্তুস। ২০২৪ সালের জুনে ইউভেন্তুস আনুষ্ঠানিকভাবে প্রকল্পটি থেকে বেরিয়ে যায়।
