স্বর্ণজয়ী শুটার সাবরিনাকে অবাঞ্ছিত ঘোষণা

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

শুটিং ফেডারেশনে অ্যাডহক কমিটির বিরুদ্ধে আন্দোলন করার দায়ে সাবেক ও বর্তমান শুটারদের ওপর খড়গ নেমে এসেছে। শুরুতে সেরা শুটার কামরুন নাহার কলিকে এক বছর নিষিদ্ধ করা হয়েছিল। এবার সাবেক স্বর্ণজয়ী শুটার সাবরিনা সুলতানাকে শুটিং ফেডারেশনের কার্যক্রম থেকে অবাঞ্ছিত করা হয়েছে। ২ ফেব্রুয়ারি নির্বাহী কমিটির সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফেডারেশনের গঠনতন্ত্রের ১৬.২০ ধারা অনুযায়ী সাবরিনাকে শৃঙ্খলা ভঙ্গের কারণে এমন শাস্তি দেওয়া হয়েছে। শুধু সাবরিনা নন, বর্তমান শুটার তাসমিয়াতি এমা ও আবিদুর রহমান আহাদকেও সাময়িক বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে।

শুটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক আলেয়া ফেরদৌসী স্বাক্ষরিত চিঠিতে সংশ্লিষ্টদের এসব জানান হয়েছে। এই প্রসঙ্গে কামরুন নাহার কলি বলেছেন, ‘আমাদের শুটিং ফেডারেশন বহিষ্কার বহিষ্কার খেলা করছে। মজার ব্যাপার হল, সাবরিনা আপু আমাদের শুটিংয়ের স্বর্ণ কন্যা আর তাকে সারা জীবনের জন্য অবাঞ্ছিত করা হয়েছে। এমন অবস্থা দাঁড়িয়েছে এখন ফেডারেশন কাদের নিয়ে খেলা চালাবে নিজেরাই হয়তো বলতে পারে না। হয়তো তারা নিজেরাই খেলতে নামবে!’