আমিরাতের ক্লাবে বাংলাদেশের জায়ান

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

সংযুক্ত আরব আমিরাতের তৃতীয় বিভাগের ক্লাব রিমাল আল সাহরা এসসিতে যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের যুক্তরাষ্ট্র প্রবাসী ফুটবলার জায়ান আহমেদ। গত মঙ্গলবার ওই ক্লাবের হয়ে অভিষেকও হয়েছে বাংলাদেশের এই লেফটব্যাকের। ২০২৫ সালে প্রতিষ্ঠিত রিমাল আল সাহরা অল্প সময়েই নজর কাড়তে সক্ষম হয়েছে। বর্তমানে ইউএই তৃতীয় বিভাগ লিগের পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে দলটি। ওই অবস্থান ধরে রাখতে পারলে আগামী মৌসুমে দ্বিতীয় বিভাগে খেলবে জায়ানের দল। ইউএই এফএ কাপের প্রিলিমিনারি রাউন্ডের ম্যাচে মাজদ এফসির বিপক্ষে রিমাল আল সাহরার হয়ে অভিষেক হয় জায়ানের। নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে ১০-৯ ব্যবধানে জয় পায় মাজদ এফসি। ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতে ৪৬ মিনিটে ইংলিশ লেফট-ব্যাক টাইলাহ সানচেজের বদলি হিসেবে মাঠে নামেন জায়ান। যুক্তরাষ্ট্রে জন্ম ও বেড়ে ওঠেন জায়ান। তার বাবা শরীফ আহমেদ সাবেক ফুটবলার। বাবার আগ্রহে আমেরিকায় বিশ্ববিদ্যালয় পর্যায়ে খেলে তিনি নজর কাড়েন। এরপর ঢাকায় ট্রায়াল দিতে আসেন গত বছরের জুনে।

বাংলাদেশের জার্সিতে এএফসি অনূর্ধ্ব-২৩ দলে খেলে দুর্দান্ত পারফরম্যান্স করে জাতীয় দলে ডাক পান জায়ান। পরে ৯ অক্টোবর হংকংয়ের বিপক্ষে তার অভিষেক হয়। এরপর আরও দুটি ম্যাচ খেলেন। গতি ও স্কিলে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের মন জয় করেছেন অল্প দিনেই। ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে ম্যাচ খেলে আমেরিকায় ফিরে যান এই ডিফেন্ডার। পড়াশোনার পাশাপাশি সেখানে খেলা চালিয়ে যান। সম্প্রতি কানাডায় ট্রায়ালে গিয়েছিলেন জায়ান। সেই সময় তার পারফরম্যান্স প্রোফাইল ও ম্যাচ ফুটেজ বিভিন্ন ক্লাবের কাছে পাঠানো হয়। সবদিক বিবেচনা করে নিজের বিকাশের লক্ষ্যে সবচেয়ে উপযুক্ত গন্তব্য হিসেবে তিনি বেছে নেন আরব আমিরাতকে।