ইয়ামালের চোখে নতুন স্বপ্ন
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া ডেস্ক
লামিনে ইয়ামালের প্রতিভা যেমন- আকাশছোঁয়া, স্বপ্নও তেমনি। ১৮ বছর বয়সী এই তরুণের চোখে এখন উঁকি দিচ্ছে নতুন স্বপ্ন। স্পেনের হয়ে এরই মধ্যে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জেতা ইয়ামাল এবার উন্মুখ বিশ্বকাপ জয়ের স্বাদ পেতে। ২০২৬ বিশ্বকাপের খুব বেশি দেরি নেই। আগামী জুন-জুলাইয়ে মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডাতে শুরু হবে বৈশ্বিক ফুটবলের সর্বোচ্চ আসর। ‘এইচ’ গ্রুপে ২০১০ সালের চ্যাম্পিয়ন স্পেনের সঙ্গে আছে কেপ ভার্দ, সৌদি আরব ও বিশ্বকাপের প্রথম আসরের চ্যাম্পিয়ন উরুগুয়ে।
অনাকাঙ্ক্ষিত কিছু না ঘটলে চলতি মৌসুমে ক্লাব ফুটবলের আঙিনায় আলো ছড়িয়ে চলা ইয়ামাল নিশ্চিতভাবেই থাকবেন স্পেন দলে। বার্সেলোনার জার্সিতে এরই মধ্যে ১৫ গোল করেছেন, ১৩ গোলে রেখেছেন অবদান। ফুটবল খেলাটিকে শিশুরা যেমন উপভোগের দৃষ্টিতে দেখে, ইয়ামালও তেমনি করে দেখেছেন; উপভোগ করছেন, রেকর্ড ভাঙা-গড়ার খেলায় মেতে অভিষ্ঠ লক্ষের পানে ছুটছেন দারুণ গতিতে। ইএসপিএনের সাথে আলাপচারিতায় ইয়ামাল এবার জানালেন, তার পরবর্তী লক্ষ্য পাঁচ মাস পর মাঠে গড়াতে যাওয়া বিশ্বকাপ।
