শ্রীলঙ্কার কাছে পাত্তাই পেল না ওমান

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

কুশল মেন্ডিস, পবন রত্নায়েকে, দাসুন শানাকার তিন ফিফটিতে ২০০ ছাড়িয়ে রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কা। দুর্বল ওমানকে সেই পাহাড়ের নিচে সহজেই চাপা দিয়েছে বিশ্বকাপের সহ-আয়োজকরা।

গতকাল বৃহস্পতিবার পাল্লেকেলেতে ‘বি’ গ্রুপের ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কা জিতেছে ১০৫ রানে। আগে ব্যাট করে তিন ফিফটিতে ২২৫ রান করে তার, ওমান আটকে যায় ১২০ রানে। দীর্ঘদিন রানখরায় থাকা লঙ্কান অধিনায়ক শানাকা এদিন ব্যাটিং অর্ডারে নিজেকে ওপরের দিকে তুলে আনেন। চাপের মুখে থাকা এই ব্যাটার মাত্র ১৯ বলে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন, যা টি-টোয়েন্টি ক্রিকেটে শ্রীলঙ্কানদের মধ্যে দ্রুততম। তার বিধ্বংসী ইনিংসে ছিল ৫টি ছক্কা ও ২টি চারের মার।

শুরুতে পাভান রথনায়েকে এবং কুশল মেন্ডিস দলের হাল ধরেন। তৃতীয় উইকেটে তারা ৯৪ রানের জুটি গড়েন এবং দুজনেই ফিফটি তুলে নেন। শেষ দিকে কামিন্দু মেন্ডিস মাত্র ৭ বলে ১৯ রানের অপরাজিত ইনিংস খেলে বড় সংগ্রহ নিশ্চিত করেন। ২২৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ওমান কখনই ম্যাচে ফিরতে পারেনি। তবে ৪৩ বছর বয়সী মোহাম্মদ নাদিম একাই লড়াই চালিয়ে যান।

অপরাজিত ৫৩ রান করার পথে তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে বয়োজ্যেষ্ঠ ক্রিকেটার হিসেবে হাফ-সেঞ্চুরি করার রেকর্ড গড়েন। শ্রীলঙ্কার পক্ষে বল হাতে আগুন ঝরিয়েছেন মহেশ থিকশানা ও দুষ্মন্ত চামিরা। তারা দুজনেই ২টি করে উইকেট নিয়ে ওমানের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দেন। কলম্বোর মন্থর পিচ থেকে বেরিয়ে পাল্লেকেলের ব্যাটিং সহায়ক উইকেটে লঙ্কান ব্যাটাররা দারুণ ছন্দ খুঁজে পেলেন।