রোমাঞ্চকর লড়াইয়ের অপেক্ষায় ভারত-পাকিস্তান
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া ডেস্ক

অনেক টানাপোড়েনের পর কেটে গেছে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে অনিশ্চয়তা। এবার অপেক্ষা মাঠের লড়াইয়ের। চিরপ্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি হতে রোমাঞ্চ নিয়ে অপেক্ষা করছে ভারত। দলটির বাঁহাতি ব্যাটসম্যান তিলাক ভার্মা বললেন, সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন তারা।
টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের ঘোষণা দিয়ে ক্রিকেট আঙিনায় তোলপাড় ফেলে দিয়েছিল পাকিস্তান। অনেক জল ঘোলা হওয়ার পর গত সোমবার নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসার কথা জানায় তারা। এমনিতে পাকিস্তানের বিপক্ষে এখন একতরফা আধিপত্য দেখা যায় ভারতের। টি-টোয়েন্টি বিশ্বকাপেই আটবারের দেখায় সাতবারই জিতেছে ভারতীয়রা।
সর্বশেষ এশিয়া কাপে ফাইনালসহ তিনবার মুখোমুখি হয়ে প্রতিবারই জয় নিয়ে মাঠে ছাড়ে দলটি। গত সেপ্টেম্বরে পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপের শিরোপা নির্ধারণী ম্যাচে দারুণ ব্যাটিং করেন তিলাক। রান তাড়ায় চারে নেমে দলের জয় সঙ্গে নিয়ে ফেরেন তিনি। চারটি ছক্কা ও তিনটি চারে ৫৩ বলে খেলেন ৬৯ রানের চমৎকার ইনিংস। কদিন আগে তিলাক বলেছেন, ওই ম্যাচে ব্যাটিংয়ে নামার আগে থেকেই ঘামছিলেন তিনি, ভুগছিলেন স্নায়ুচাপে। তবে এবার তার অনুভূতি ভিন্ন।
পাকিস্তানের বিপক্ষে আরেকটি লড়াইয়ের আগে ২৩ বছর বয়সী ক্রিকেটার বললেন, ম্যাচটি খেলতে মুখিয়ে আছেন তারা। ‘সত্যি বলতে, আমরা ম্যাচটি খেলতে খুবই রোমাঞ্চিত। ম্যাচটা যে হবে, সেটা আমরা আগের দিন (সোমবার) জানতে পেরেছি।
আমরা খেলতে প্রস্তুত। সব দলকে পর্যবেক্ষণ করছি। বোলার আর ব্যাটসম্যানদের দেখছি। সব খেলোয়াড় এবং দলের সদস্যরা খেলতে প্রস্তুত। এখন আমরা পুরোপুরি ম্যাচের মধ্যে ঢুকে পড়েছি। পরিকল্পনা এখন থেকেই শুরু হবে। আমরা একটি করে ম্যাচ ধরে এগোচ্ছি। দেখা যাক, ভিডিও বিশ্লেষণ করছি, প্রযুক্তি আছে- কেমন খেলছি, উইকেট কেমন আচরণ করছে, সবই দেখব, আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি। দলের প্রতিটি খেলোয়াড়ের আলাদা শট থাকে, তাই উইকেট অনুযায়ী কোন শট খেলতে হবে এবং কোন বোলারদের টার্গেট করতে হবে সেটা ঠিক করছি। কলম্বোতে আগামী রোববার লড়বে ভারত-পাকিস্তান লড়াই।
