আয়ারল্যান্ড অধিনায়কের বিশ্বকাপ শেষ
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া ডেস্ক
ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বড় ধরনের ধাক্কা খেল আয়ারল্যান্ড। হাঁটুর লিগামেন্টে চোট পাওয়ার কারণে টুর্নামেন্টের বাকি অংশ থেকে ছিটকে গেলেন তাদের অধিনায়ক পল স্টার্লিং। গতকাল শুক্রবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ইভেন্ট টেকনিক্যাল কমিটি অভিজ্ঞ টপ অর্ডার ব্যাটার স্টার্লিংয়ের বিকল্প খেলোয়াড় হিসেবে তরুণ স্যাম টপিংয়ের নাম অনুমোদন করেছে। তিনি অবিলম্বে আইরিশদের ১৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াডে যোগ দিচ্ছেন।
গত বুধবার কলম্বোতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ‘বি’ গ্রুপের ম্যাচে ফিল্ডিংয়ের সময় একটি ক্যাচ নিতে গিয়ে ডান হাঁটুতে চোট পান স্টার্লিং। তা সত্ত্বেও খেলা চালিয়ে যান ৩৫ বছর বয়সী এই তারকা। পরবর্তীতে ব্যাটিংয়ের সময় দ্রুত রান নিতে গিয়ে সেই চোট আরও গুরুতর হয়ে দাঁড়ায়। ফলে মাত্র এক বল খেলেই তাকে মাঠ ছাড়তে হয়। ওই ম্যাচে আয়ারল্যান্ড ৬৭ রানে পরাজিত হয়েছিল। স্টার্লিংকে হারানো আইরিশদের জন্য একটি বড় ক্ষতি হিসেবে দেখা হচ্ছে। দলটির হাই-পারফরম্যান্স ডিরেক্টর গ্রাহাম ওয়েস্ট জানিয়েছেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের পর স্টার্লিংয়ের স্ক্যান করানো হলে তার লিগামেন্টে চোট ধরা পড়ে। পুনর্বাসনের জন্য তিনি দ্রুতই দেশে ফিরে যাবেন। অধিনায়কের অভিজ্ঞতার অভাব অনুভব করলেও স্টার্লিংয়ের স্থলাভিষিক্ত হওয়া তরুণ বাঁহাতি ওপেনার টপিংকে নিয়ে ইতিবাচক আশা প্রকাশ করেছেন ওয়েস্ট।
