গুঞ্জন উড়িয়ে তামিম বললেন ‘স্রেফ মিথ্যা’
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয় অর্জন করেছে বিএনপি। আগামীকাল সরকার গঠন করতে যাচ্ছে দলটি। সাম্প্রতিক সময়ে বিএনপির বিভিন্ন ক্রীড়া বিষয়ক কর্মসূচিতে দেখা গেছে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে। তাই নির্বাচনের পর গুঞ্জন ছড়িয়েছে দেশসেরা এই ওপেনার মন্ত্রী হতে যাচ্ছেন। তিনি টেকনোক্র্যাট কোটায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদে দায়িত্ব পেতে যাচ্ছেন- এমন গুঞ্জন গত শনিবার দুপুরের পর থেকে ছড়িয়ে যেতে থাকে। দুয়েকটি গণমাধ্যমের শিরোনামও হয়েছেন তামিম। তবে এই গুঞ্জন স্রেফ উড়িয়ে দিয়েছেন তিনি। অবশ্য বিষয়টি ডালপালা মেলতে শুরু করে প্রবলভাবে। এজন্য বাধ্য হয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তামিম লিখেছেন, ‘আজ (শনিবার) সারা দিনে আমাকে ঘিরে মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় নানা গুঞ্জন দেখতে পেয়েছি। যা পুরোপুরি মিথ্যা। এমন কোনো প্রস্তাব আমি পাইনি। এ ধরনের ভিত্তিহীন সংবাদ প্রচার থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ করছি।’ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর কে কে মন্ত্রিসভায় যাচ্ছেন, তা নিয়ে আলোচনা চলছে। সোশ্যাল মিডিয়া ও মিডিয়ায় নামের ছড়াছড়ি। কিছু নাম ইচ্ছাকৃতভাবে আলোচনায় রাখার জন্যই ছড়ানো হচ্ছে। আবার হেভিওয়েট কিছু নাম মন্ত্রিসভার গঠনগত সমীকরণ থেকে চলে আসছে।
এই মন্ত্রিসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান টেকনোক্র্যাট কোটা রাখতেও পারেন। বিশেষ ক্ষমতাবলে তিনি মন্ত্রী করতে পারেন কাউকে কাউকে। সেই সূত্রে উঠে আসে তামিম ইকবালের নাম। তার সঙ্গে জড়ানো হয়েছে নির্বাচনে অংশ নিয়ে হেরে যাওয়া বিএনপির প্রার্থী আমিনুল হককে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রী হতে পারেন আমিনুল- এমন খবর চাউর হয়েছে।
