এবারও হাত মেলাননি তারা

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

কলম্বোতে টি-টোয়েন্টি বিশ্বকাপের বহুল কাঙ্ক্ষিত গ্রুপ পর্বের ম্যাচটি যথা সময়েই হতে যাচ্ছে। বৃষ্টি নিয়ে শঙ্কা থাকলেও টস হয়েছে যথা সময়ে। ভারতের বিপক্ষে শুরুতে টস জিতে বোলিং নিয়েছে পাকিস্তান। অবশ্য হ্যান্ডশেক বিতর্ক এবারও থাকছে। গত এশিয়া কাপের মতো করমর্দন করেনি দুই দলের অধিনায়কের কেউ। যা নিয়ে আলোচনা-সমালোচনা হয়েছে। টস জয়ের পর সারফেস বিবেচনায় নিয়েই শুরুতে বোলিংয়ের কথা জানিয়েছেন পাকিস্তান অধিনায়ক সালমান আগা। তবে ভারতের অধিনায়ক সূর্যকুমার বলেছেন তারা অবশ্য ব্যাটিংই করতেন। টস জয়ের পর সূর্যকুমারের সঙ্গে কোনো রকম ভাবের আদান-প্রদান ছাড়াই উপস্থাপকের দিকে ছুটে যান সালমান। এ সময় সূর্যকুমার নিজেও নির্লিপ্ত থাকেন পুরোটা সময়।