সুপার এইটে ইংল্যান্ড
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া ডেস্ক
খেলাটা যখন ফুটবল, আর মুখোমুখি ইংল্যান্ড ও ইতালি-কারা জিতবে, সেই ভবিষ্যদ্বাণী করা একটু মুশকিলই। শক্তির বিচারে কেউ কারও চেয়ে তো খুব একটা পিছিয়ে থাকে না কখনও। কিন্তু খেলাটা যখন ক্রিকেট, শক্তির বিচারে ইংল্যান্ড এগিয়ে থাকবে যোজন দূরত্বে। তবে কলকাতার ইডেন গার্ডেনে প্রথম দেখায় ইংল্যান্ডকে চমকে দিল টি-টুয়েন্টি বিশ্বকাপে অভিষিক্ত ইতালি। ইংল্যান্ডকে প্রায় ভড়কেই দিয়েছিল দলটি। তবে শেষ পর্যন্ত জিতেছে ক্রিকেটের জনকেরাই। ইতালিকে ২৪ রানে হারিয়ে এবারের আসরের ‘সি’ গ্রুপ থেকে ওয়েস্ট ইন্ডিজের পর সুপার এইট নিশ্চিত করেছে ইংল্যান্ড। গতকাল সোমবার কলকাতার ইডেন গার্ডেন্সে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইতালিকে ২৪ রানে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছে।
চার ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করল ইংলিশরা। এক ম্যাচ কম খেলা ওয়েস্ট ইন্ডিজ প্রথম তিন ম্যাচ জিতেই উঠে গেছে সুপার এইটে। টসে জিতে ব্যাটিং নিয়ে ৭ উইকেটে ২০২ রান করে ইংল্যান্ড। রান তাড়ায় ২০তম ওভারের শেষ বলে ১৭৮ রানে অলআউট ইতালি। বেন মানেন্তি ও গ্রান্ট স্টুয়ার্টের ঝড়ো ব্যাটিংয়ে একটা সময় অঘটনের সম্ভাবনা জাগিয়েছিল ইতালিয়ানরা। কিন্তু শেষ পর্যন্ত অভিজ্ঞতার কাছে হার মেনেই বিশ্বকাপ থেকে বিদায় নিল তারা। ইংল্যান্ড ম্যাচটি জিতে নিয়েছে শেষ দুই ওভারেই। শেষ ২ ওভারে ইতালির দরকার ছিল ৩০ রান। স্যাম কারেন ১৯তম ওভারে মাত্র ৫ রান দিয়ে তুলে নেন ২৩ বলে ৪৫ রান করা স্টুয়ার্টকে।
শেষ ওভারে ২৫ রান দরকার, ইংলিশ পেসার জেমি ওভারটন ওভারে কোনো রান না দিয়ে পেয়ে যান ২ উইকেট। শেষের কয়েকটা ওভার যে ইংল্যান্ড সমর্থকদের এমন উৎকণ্ঠায় থাকতে হবে ইতালির রান তাড়ার শুরুতে সেটি বোঝার উপায় ছিল না। জফরা আর্চারের করা প্রথম ওভারেই মাত্র ১ রান তুলতেই ২ উইকেট হারায় ইতালি। আগের ম্যাচে নেপালের বিপক্ষে প্রথম উইকেটে রেকর্ড অবিচ্ছিন্ন ১২৪ রানের জুটি গড়া মস্কা ভাইয়েরা আজ বিচ্ছিন্ন হন ১ রান তুলেই। চতুর্থ ওভারে ইতালির স্কোর ২২/৩ হয়ে যায়।
