‘আমরা যদি ছিটকে যাই তাহলে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় অর্থহীন’

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

এবারের বিশ্বকাপে হেভিওয়েট দলগুলোর মধ্যে বেশ বেকায়দায় রয়েছে অস্ট্রেলিয়া। জিম্বাবুয়ে এবং শ্রীলঙ্কার কাছে হারের পর গ্রুপে তিন নম্বরে রয়েছে অস্ট্রেলিয়ানরা। শ্রীলঙ্কা এরই মধ্যে সুপার এইট নিশ্চিত করে ফেলেছে। জিম্বাবুয়ে খেলেছে ২ ম্যাচ। বাকি দুই ম্যাচের একটিতেও যদি জিতে যায়, কিংবা বৃষ্টির কারণে কোনো ম্যাচ পরিত্যাক্ত হলে জিম্বাবুয়েই উঠে যাবে সুপার এইটে। বিদায় নিশ্চিত হয়ে যাবে অস্ট্রেলিয়ার। এমন পরিস্থিতিতে সুপার এইটে ওঠার সুবর্ণ সুযোগও যদি হারিয়ে ফেলে জিম্বাবুয়ে, তাহলে তারা যে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল, সে বিষয়টা অর্থহীন হয়ে যাবে। জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজাও তেমনটা মনে করেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে সামান্য ভুল করলেও আগের সাফল্যের কোনো মূল্য থাকবে না।

আজই আয়ারল্যান্ডের মুখোমুখি হওয়ার কথা জিম্বাবুয়ের। পাল্লেকেলেতে এই ম্যাচটি সময়মত শুরু হতে পারেনি। কারণ, বৃষ্টি। এই ম্যাচটি বৃষ্টিতে ভাসলে লাভ হবে জিম্বাবুয়ের। ক্ষতি হবে অস্ট্রেলিয়ার। বিদায় নিশ্চিত হয়ে যাবে অস্ট্রেলিয়ার।

মঙ্গলবার আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে সোমবারের প্রাক-ম্যাচ ব্রিফিংয়ে রাজা বলেন, ‘আমরা কখনোই বাস্তবতা থেকে দূরে যাইনি। এটা আমাদের যাত্রারই একটি অংশ এবং আমরা যে লক্ষ্য নির্ধারণ করেছি তার পথে এগোচ্ছি। এখন যদি কোনো ভুল করি, তাহলে আগের জয়গুলো কোনো কাজে আসবে না।’ প্রথম দুই ম্যাচ কলম্বোয় খেলার পর এবার ভেন্যু বদলে গেলো পাল্লেকেলেতে। দুটি মাঠের উইকেট ও কন্ডিশনের মধ্যে পার্থক্য থাকায় দল নির্বাচনের আগে পরিস্থিতি ভালোভাবে পর্যবেক্ষণ করে নেয় জিম্বাবুয়ে। অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার ম্যাচ একই উইকেটে হওয়ায় সেটি নিবিড়ভাবে দেখার কথাও জানিয়েছিলেন রাজা।