লিগের দ্বিতীয় পর্ব শুরু ৬ মার্চ

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

৬১ দিন পর ফের মাঠে গড়াচ্ছে বাংলাদেশ ফুটবল লিগের দ্বিতীয় পর্বের খেলা। লিগের প্রথম পর্বের শেষ ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল ৩ জানুয়ারি। এরপর ৩১ জানুয়ারি পর্যন্ত মধ্যবর্তি দলবদল অনুষ্ঠিত হয়। লিগের দ্বিতীয় পর্বের সময়সূচি প্রাথমিকভাবে ৬ ফেব্রুয়ারি ঘোষণা করলেও জাতীয় নির্বাচন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুরোধের কারণে ফের পিছিয়ে যায় লিগ। গত বৃহস্পতিবার রাতে ক্লাবগুলোকে পাঠানো এক সংশোধিত ফিকশ্চারে বাফুফে নিশ্চিত করেছে যে, লিগের দ্বিতীয় পর্ব ৬ মার্চ থেকে শুরু হবে। দুই রাউন্ডের খেলা শেষে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের জন্য জাতীয় দলের প্রস্তুতির সুবিধার্থে লিগ আবারও বিরতিতে যাবে। আগামী ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে বাছাইপর্বের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। জাতীয় দলের প্রধান কোচ হাভিয়ের কাবরেরা ১৫ মার্চ থেকে ক্যাম্প শুরুর পরিকল্পনা করায়, ফেডারেশন ১৪ মার্চের পর আর কোনো লিগ ম্যাচ রাখেনি। তবে এর ফলে ক্লাবগুলো এক অদ্ভুত পরিস্থিতির মুখোমুখি হবে: লিগ শুরুর জন্য প্রায় দুই মাস অপেক্ষার পর তারা মাত্র দুটি ম্যাচ খেলবে এবং এরপর তৃতীয় রাউন্ডের ম্যাচের আগে আবারও ২৮ দিনের দীর্ঘ বিরতিতে পড়তে হবে। লিগ পুনরায় পুরোদমে শুরু হবে ১০ এপ্রিল এবং এরপর আর কোনো বিরতি ছাড়াই চলবে। এদিকে ফেডারেশন কাপেও একই ধরনের সূচি অনুসরণ করা হবে। ১০ মার্চ ম্যাচের পর টুর্নামেন্ট প্রায় এক মাসের জন্য বন্ধ থাকবে এবং ৭ এপ্রিল পুনরায় শুরু হবে। টুর্নামেন্টের ফাইনাল ১৯ মে অনুষ্ঠিত হবে এবং ম্যাচগুলো সাধারণত মঙ্গলবারে খেলা হবে।