ভারতকে সেমিফাইনালে দেখছেন না আমির
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া ডেস্ক
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের ‘এ’ গ্রুপ থেকে সেমিফাইনালে খেলবে কোন দুটি দল? প্রশ্ন শুনে মোহাম্মাদ আমিরের ঝটপট জবাব, ‘দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ।’ পাকিস্তানের বাঁহাতি পেসারের মতে, সেমিফাইনালে খেলতে পারবে না ভারত। তবে অন্য গ্রুপ থেকে পাকিস্তান শেষ চারে জায়গা করে নেবে বলে ধারণা তার। গ্রুপ পর্বে একই সঙ্গে ভারত ও পাকিস্তান। সেখানে পাকিস্তানকে হারানোসহ সব ম্যাচ জিতে সুপার এইটে পৌঁছেছে ভারত। শুধু এই বিশ্বকাপে নয়, টি-টোয়েন্টিতে গত প্রায় তিন বছর ধরেই চলছে তাদের অপ্রতিরোধ্য যাত্রা। সেই পথচলায় গত বিশ্বকাপে অপরাজিত চ্যাম্পিয়ন হয় তারা। বিশ্বকাপের পর রোহিত শার্মা, ভিরাট কোহলি, রাভিন্দ্রা জাদেজা অবসর নিলেও ভারতের দাপট কমেনি। ওই বিশ্বকাপের পর থেকে এখনও পর্যন্ত ৪৫ টি-টোয়েন্টির মাত্র ৬টিতে তারা হেরেছে। তার পরও এবার ভারতীয় দলকে শেষ চারে দেখছেন না আমির।
