দেড় যুগ পর সেঞ্চুরিয়নে টেস্ট খেলবে বাংলাদেশ

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

দক্ষিণ আফ্রিকায় দ্বিতীয় সফরে সেই ২০০৮ সালে সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে একটি টেস্ট খেলেছিল বাংলাদেশ। দেড় যুগ পর আবার এই মাঠে বাংলাদেশ টেস্ট খেলতে যাচ্ছে। জোহানেসবার্গের দা ওয়ান্ডারার্স স্টেডিয়ামে টেস্ট খেলবে তারা প্রথমবার। পূর্ণাঙ্গ এই সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজও খেলবে বাংলাদেশ। আগামী নভেম্বর-ডিসেম্বরের এই সফর আইসিসির ভবিষ্যৎ সফরসূচির অংশ হিসেবে নিশ্চিত ছিল আগে থেকেই।

ক্রিকেট দক্ষিণ আফ্রিকা গতকাল সোমবার ঘোষণা করেছে সিরিজের বিস্তারিত সূচি। জোহানেসবার্গে প্রথম টেস্ট শুরু ১৫ নভেম্বর। সেঞ্চুরিয়নে দ্বিতীয় টেস্ট শুরু ২৩ নভেম্বর। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ ইস্ট লন্ডনে ১ ডিসেম্বর। ৪ ডিসেম্বর দ্বিতীয় ম্যাচ হবে গেবেখায়। কেপটাউনে তৃতীয় ম্যাচ হবে ৭ ডিসেম্বর। টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলোও হবে ভিন্ন তিন মাঠে। কিম্বার্লিতে প্রথম ম্যাচ ১০ ডিসেম্বর। ১২ ডিসেম্বর দ্বিতীয় ম্যাচ বেনোনিতে। ১৩ ডিসেম্বর সেঞ্চুরিয়নে তৃতীয় টি-টোয়েন্টি দিয়ে সফর শেষ করবে বাংলাদেশ।

দক্ষিণ আফ্রিকায় প্রথম তিন সফরে মূল টেস্ট ভেন্যুগুলোর মধ্যে সেঞ্চুরিয়নেই শুধু একটি টেস্ট খেলার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। অবশ্য সর্বশেষ সফরে ২০২২ সালে দুই টেস্টের একটি খেলেছিল তারা ডারবানে, অন্যটি গেবেখায় (আগের পোর্ট এলিজাবেথ)।

সব মিলিয়ে দক্ষিণ আফ্রিকায় আগের চার সফরে আটটি টেস্ট খেলে সবকটিতেই বাংলাদেশ হেরেছে বড় ব্যবধানে। যার পাঁচটিতে হার ইনিংস ব্যবধানে। দক্ষিণ আফ্রিকায় এখন পর্যন্ত দ্বিপক্ষীয় সিরিজে তিন সংস্করণ মিলিয়ে দুটি ওয়ানডে ম্যাচ জিততে পেরেছে বাংলাদেশ।

২০২২ সালে সবশেষ ওই সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ বাংলাদেশ জিতে নেয় ২-১ ব্যবধানে। ফল হওয়া বাকি ৯টি ওয়ানডেতেই তারা হেরেছে। আর তিনটি টি-টোয়েন্টি খেলে বাংলাদেশের হার সবগুলোতে। এদিন একই সঙ্গে ঘরের মাঠে ২০২৬-২৭ মৌসুমের পুরো সূচি প্রকাশ করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।