সিডনিতে ফুরফুরে আলপিরা ফিজিও খুঁজছে বাফুফে
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক

এশিয়ান কাপের আগে ঢাকায় স্বল্পমাত্রার অনুশীলন করেছেন আফঈদা, রুপনা ও মনিকারা। এর আগে জাপান, কোরিয়া, ভিয়েতনামে ক্যাম্প হওয়ার কথা বলা হলেও সেটা আলোর মুখ দেখেনি। বর্তমানে সিডনিতে সময়টা ভালোই কাটছে মেয়েদের। সিডনির ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে হালকা অনুশীলন দিয়ে শুরু। গতকাল সোমবার চতুর্থ দিনের মতো গা গরমে নেমেছিলেন ঋতুপর্ণা চাকমারা। এই অনুশীলন গ্রাউন্ডের পাশেই বাংলাদেশ দলের হোটেল। যে কারণে হোটেল থেকে মাঠে আসা-যাওয়ার ঝক্কি সেভাবে নেই বলে জানিয়েছেন, প্রথমবার দলে সুযোগ পাওয়া আলপি আক্তার। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পাঠানো ভিডিও বার্তায় আলপি বলেছেন, ‘এখানে অনেক গরম। আমাদের বাংলাদেশে এত গরম এখনও পড়ে নাই। এখানে অতিরিক্ত গরম। পরিবেশের সঙ্গে আপাতত মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। আমরা এক জায়গায় থাকছি, এক জায়গায় মাঠ, জিম সবকিছু হচ্ছে। তো বাস দিয়ে মাঠে যাওয়া লাগছে না, এটা ভালো লাগছে।’
সর্বশেষ নারী ফুটবল লিগে চ্যাম্পিয়ন দলের হয়ে ১০ ম্যাচে ৩০ গোল করেন আলপি। সাফ অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টেও সাফল্য পেয়েছেন। করেছেন সর্বোচ্চ ৭ গোল। এই পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই জাতীয় দলে ডাক পেয়েছেন এই ফরোয়ার্ড। তাই জাতীয় দলের সঙ্গে প্রথমবারের মতো ভ্রমণ এবং অনুশীলন করতে পেরে খুশি আলপি, ‘আলহামদুলিল্লাহ, অনেক দিনের ইচ্ছা ছিল জাতীয় দলের সঙ্গে অনুশীলন করা এবং খেলা। তো সেই ইচ্ছাটা (অনুশীলন) পূরণ হয়েছে। ভালো লাগছে আপুদের সঙ্গে প্র্যাকটিস করে। অনেক ভালো প্র্যাকটিস হচ্ছে ওনাদের সঙ্গে।’ সিডনিতে অনুশীলন ক্যাম্প শেষে ২৭ ফেব্রুয়ারি এএফসি নির্ধারিত হোটেলে উঠবে বাংলাদেশ দল। এশিয়ান কাপে প্রথম ম্যাচে ৩ মার্চ বাংলাদেশ মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন চীনের। সিডনিতেই ৬ মার্চ উত্তর কোরিয়া এবং ৯ মার্চ পার্থে উজবেকিস্তানের বিপক্ষে খেলবেন আফঈদা-ঋতুপর্ণারা।
এদিকে বাংলাদেশ কন্টিনজেন্টের সঙ্গে নেই ফিজিওথেরাপিস্ট জাকিয়া রহমান। অসুস্থ থাকায় দলের সঙ্গে যেতে পারেননি তিনি। এশিয়া কাপ উপলক্ষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের কোচ পিটার বাটলার ফিজিওর অসুস্থতার বিষয়টি জানিয়েছিলেন। তিনি দলের সঙ্গে যেতে পারছেন না এ খবরটি দিন দুয়েক পর প্রকাশ পেয়েছে। অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশ দলের ম্যানেজার খালিদ মাহমুদ নওমী বলেন, ১৮ ফেব্রুয়ারি ফিজিও অত্যন্ত অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। অপারেশন হওয়ায় তিনি দলের সঙ্গে আসতে পারেননি। ফিজিও ফুটবলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাকিয়া শেষ মুহূর্তে অসুস্থ হওয়ায় বাফুফে বেশ বিপাকে পড়েছে। বাংলাদেশ ও অস্ট্রেলিয়া দুই জায়গায় ফিজিও খুঁজছে ফেডারেশন, বললেন টিম ম্যানেজার, বাংলাদেশ থেকে ফিজিও আনতে ভিসার বিষয় রয়েছে। আমরা সে প্রক্রিয়া শুরু করেছি। আবার অস্ট্রেলিয়াতেও খোঁজা হচ্ছে।
