বিশ্বকাপের স্বাগতিক মেক্সিকোয় সহিংসতা গভীর নজর রাখছে ফিফা

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

সেনাবাহিনীর অভিযানে এক মাদক সম্রাটের মৃত্যুর ঘটনায় মেক্সিকোয় উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। গুয়াদালাহারার কাছাকাছি শহর হালিস্কোয় তার দলের লোকজন বেশ কিছু স্থানে সহিংসতা চালিয়েছে। বাধ্য হয়ে প্রথম দিনেই চারটি ফুটবল ম্যাচ স্থগিত করে দিয়েছে কর্তৃপক্ষ। ‘এল মেনচো’ নামে পরিচিত মোস্ট ওয়ান্টেড হালিস্কোর মাদক সম্রাট নেমেসিও অসিগুয়েরা সাভাতেসকে গ্রেপ্তার করতে গত রোববার হালিস্কো অঙ্গরাজ্যের তাপালপা শহরে অভিযান চালায় সেনাবাহিনী। তাকে রাজধানী মেক্সিকো সিটিতে নেওয়ার সময় তার সমর্থক ও সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ হয়।

সে সময় গুরুতর আহত সাভাতেস পরে মারা যান বলে মেক্সিকোর প্রতিরক্ষা মন্ত্রণালয় খবর দেয়। ওই অভিযানে সিজেএনজির (হালিস্কো নিউ জেনারেশন, মাদক চক্র) চার সদস্যও নিহত হয়। গত রোববারের এই ঘটনা মেক্সিকোজুড়ে এক চরম বিশৃঙ্খলা ও সহিংস সংঘাতের সূত্রপাত করেছে। তার মৃত্যুর পর অন্তত ২০টি অঙ্গরাজ্যে সহিংসতা ছড়িয়ে পড়েছে। সহিংসতা শুরু হওয়ার পর থেকে হালিস্কো রাজ্যে মেক্সিকোর ন্যাশনাল গার্ডের অন্তত ২৫ সদস্য নিহত হয়েছেন বলে দেশটির নিরাপত্তামন্ত্রী জানিয়েছেন।

আগামী জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে বসবে ৪৮ দলের ফুটবল বিশ্বকাপ। এর মধ্যে মেক্সিকোর তিনটি ভেন্যুতে হবে খেলা, যার একটি হলো গুয়াদালাহারার পাশের শহর সাপোপানের আক্রন স্টেডিয়ামে। আবার এই স্টেডিয়ামেই আগামী মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের আন্তঃমহাদেশীয় প্লে-অফ-১; লড়বে কঙ্গো, জ্যামাইকা ও নিউ ক্যালেডোনিয়া। তবে সেখানকার পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে বিকল্পও ভাবতে হতে পারে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থার। এই মুহূর্তে পুরো পরিস্থিতির ওপর নজর রাখছে বলে রয়টার্সকে জানিয়েছে ফিফা এক মুখপাত্র।

‘মেক্সিকোয়, হালিস্কোর পরিস্থিতি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি এবং কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি।’ ‘মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ও স্বাভাবিক জীবন ব্যবস্থা ফেরাতে (মেক্সিকো) সরকারের বিভিন্ন সংস্থার নেওয়া কার্যক্রম ও দিক নির্দেশনায় চোখ রাখছি আমরা এবং ফেডারেল, রাজ্য ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্টভাবে কাজ করার প্রত্যয় আবার ব্যাক্ত করছি আমরা।’

গুয়াদালাহারায় আগামী জুন-জুলাইয়ের বিশ্বকাপের মোট চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে। দক্ষিণ কোরিয়া, স্পেন, উরুগুয়ে, কলম্বিয়াসহ স্বাগতিক মেক্সিকোর ম্যাচ আছে এখানে। মেক্সিকো জাতীয় ফুটবল দল আজ বুধবার আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে, কুয়েরেতারোয়। এই ম্যাচটিও স্থগিত কি না, সে ব্যাপারে মেক্সিকো ফুটবল ফেডারেশন এখনও কিছু জানায়নি। দেশটির শহর আকাপুলকোয় আগামী সোমবার মেক্সিকো ওপেন টেনিস টুর্নামেন্ট শুরু হওয়ার কথা। এই প্রতিযোগিতা নির্দিষ্ট সূচিতেই শুরু হবে বলে জানানো হয়েছে। দেশটির পূর্বাঞ্চলে মেরিদা নারী টেনিস টুর্নামেন্টও সূচি অনুযায়ী চলবে বলে নিশ্চিত করা হয়েছে।