ধর্ষণের অভিযোগে বিচারের মুখে হাকিমি
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া ডেস্ক
তিন বছর আগে আশরাফ হাকিমির বিরুদ্ধে ওঠা ধর্ষনের অভিযোগে বিচার শুরু হচ্ছে। বিচারের মুখোমুখি হওয়ার কথা পিএসজির এই ফুটবলার নিজেই জানিয়েছেন। ২০২৩ সালে ২৪ বছর বয়সী এক নারী অভিযোগ করে, ফ্রান্সের রাজধানী প্যারিসে তার নিজের বাড়িতে তাকে ধর্ষণ করেছে হাকিমি। মরক্কোর এই ফুলব্যাক অবশ্য শুরু থেকে সব অভিযোগ অস্বীকার করে আসছেন। প্যারিসের পশ্চিমাঞ্চলের উপশহর নঁতেখের পাবলিক প্রসিকিউটরের অফিস ২০২৩ সালের মার্চে প্রাথমিক তদন্ত শুরু করে। সেই তদন্তের প্রেক্ষিতেই এবার বিচার শুরু হচ্ছে, এক্সে জানিয়েছেন হাকিমি। এই আইন নিয়ে হতাশাও প্রকাশ করেছেন তিনি।
‘এখন ধর্ষনের একটা অভিযোগই যথেষ্ট বিচার প্রক্রিয়া শুরুর জন্য।’ ‘এটা যেমন কোনো নির্দোষ ব্যক্তির প্রতি অন্যায়, তেমনি সত্যিকারের ঘটনার শিকার মানুষটার জন্য। শান্তভাবে আমি এই বিচারের অপেক্ষায় আছি, যার মাধ্যমে সত্য সবার সামনে উন্মোচিত হবে।’ বিচার শুরুর দিনক্ষণ অবশ্য এখনও চূড়ান্ত হয়নি। নঁতেখের প্রসিকিউটর অফিসের মন্তব্যের জন্য বিবিসির পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে বলে ব্রিটিশ গণমাধ্যমটির প্রতিবেদনে জানানো হয়েছে। চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোয়ার প্লে-অফের ফিরতি লেগে বুধবার মোনাকোর বিপক্ষে খেলবে পিএসজি। মঙ্গলবার পিএসজির ঘোষিত দলে আছেন ২৭ বছর বয়সী হাকিমি। প্রথম লেগে প্রতিপক্ষের মাঠে ৩-২ গোলে জিতে একটু এগিয়ে আছে পিএসজি। এই তারকা ডিফেন্ডার স্পেনে জন্ম নিলেও, আন্তর্জাতিক ফুটবলে খেলতে মরক্কোকে বেছে নেন। মরক্কো জাতীয় দলের হয়ে ৯৩টি ম্যাচ খেলা হাকিমি ২০২১ সাল থেকে খেলছেন পিএসজিতে।
